![]() |
ঢাকা: বৃহত্তর আমেরিকা মহাদেশের দেশগুলো জুলিয়ান অ্যাসাঞ্জের বিষয়ে ইকুয়েডর এবং যুক্তরাজ্যের মধ্যে সৃষ্টি হওয়া কূটনৈতিক রশি টানাটানির বিষয়ে আলোচনা করতে বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছে। আগামী শুক্রবার এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো।
উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশের রাষ্ট্রগুলোর সর্ববৃহৎ জোট ওরগানাইজেশন অব আমেরিকান স্টেটসের (ওএএস) ২৩ সদস্য রাষ্ট্রের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হওয়ার ব্যাপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় ওয়াশিংটনে। বৈঠকে বসার সিদ্ধান্তের পক্ষে ২০টি দেশ ভোট দিলেও যুক্তরাষ্ট্রসহ তিনটি সদস্য রাষ্ট্র এর বিরুদ্ধে ভোট দেয়।
ওয়াশিংটনে ওএএসের জরুরি বৈঠকে পর সংস্থায় যুক্তরাষ্ট্রের দূত কারমেন লমেলিন বলেন জুলিয়ান অ্যাসাঞ্জ প্রসঙ্গে ওএএসে’র বৈঠক আহবান অপ্রয়োজনীয় এবং সংস্থার জন্য ক্ষতিকর। যুক্তরাষ্ট্রের পাশাপাশি কানাডা এবং ত্রিনিদাদ ও টোবাগো বৈঠক আহবানের বিরুদ্ধে ভোট দেয় বলে জানান তিনি।
ওএএসের মহাসচিব জোসে মিগুয়েল ইনসুলজা বৈঠক প্রসঙ্গে বলেন অ্যাসাঞ্জকে গ্রেফতারে লন্ডনস্থ ইকুয়েডরের দূতাবাসে যুক্তরাজ্যের অভিযান চালানোর হুমকির বিষয়টি নিয়ে আলোচনা করতেই এ বৈঠক আহবান করা হয়েছে।
এদিকে ওএএসের পাশাপাশি দক্ষিণ আমেরিকার দেশগুলোর সংস্থা ইউনিয়ন অব সাউথ আমেরিকাও রোববার এ ব্যাপারে করণীয় ঠিক করতে ইকুয়েডরে এক ব্যতিক্রমধর্মী বৈঠকে বসতে যাচ্ছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম।
সম্প্রতি উইকিলিকসের প্রতিষ্ঠাতা উইলিয়াম অ্যাসাঞ্জকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার ঘোষণা দেয় ইকুয়েডর। যুক্তরাজ্যে আটক থাকা জুলিয়ান অ্যাসাঞ্জ জামিনে মুক্তি পেয়ে গত জুন মাসে লন্ডনস্থ ইকুয়েডরের দূতাবাসে আশ্রয় নেন।
যুক্তরাজ্য তাকে সুইডেনে ফেরত পাঠানোর উদ্যোগ নিলে তিনি ইকুয়েডরের কাছে রাজনৈতিক আশ্রয় কামনা করেন। উল্লেখ্য, সুইডেনে তাকে যৌন হয়রানির মামলায় খোঁজা হচ্ছে। অ্যাসাঞ্জের আশঙ্কা তাকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেবে সুইডেন।
উইকিলিকসে যুক্তরাষ্ট্রের হাজার হাজার রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁস হয়ে যাওয়ার ঘটনায় অ্যাসাঞ্জের ওপর যুক্তরাষ্ট্র বেজায় নাখোশ। রাষ্ট্রীয় গোপনীয়তা ভঙ্গের অভিযোগে অ্যাসাঞ্জের বিচার করার ঘোষণা দেয় তারা। এ পরিস্থিতিতে অ্যাসাঞ্জ নিজের জীবন বিপন্ন দাবি করে ইকুয়েডরের কাছে রাজনৈতিক আশ্রয় আহবান করেন। অবশেষে বৃহস্পতিবার ইকুয়েডর তার আবেদন মঞ্জুর করলে যুক্তরাজ্যের সঙ্গে নতুন করে কূটনৈতিক বির্তকে জড়িয়ে পড়ে দেশটি।
বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১২
সম্পাদনা:রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর