![]() |
ঢাকা: দামেস্কের উপকণ্ঠের একটি শহরতলী থেকে ৬০টি মৃতদেহ উদ্ধারের দাবি করেছে সিরিয়ার সরকার বিরোধী রাজনৈতিক কর্মীরা। বিরোধীরা এ ঘটনাকে সরকারি বাহিনীর পরিচালিত সাম্প্রতিক গণহত্যার প্রমাণ হিসেবে উল্লেখ করেছে।
প্রকাশিত এক ভিডিও চিত্রে দেখা গেছে, একটি স্থানে অনেকগুলো মৃতদেহ ইতস্তত বিক্ষিপ্ত অবস্থায় পড়ে আছে। তাদের বেশিরভাগেরই হাত পেছনে বাঁধা ছিলো।
মৃতদেহগুলোকে বৃহস্পতিবার দামেস্কের দক্ষিণ পশ্চিমে অবস্থিত কাতানার একটি আবর্জনার ভাগাড়ে প্রথম খুঁজে পাওয়া যায় বলে দাবি করে সরকার বিরোধীরা।
সিরিয়ায় জাতিসংঘ পর্যবেক্ষণ মিশনের আনুষ্ঠানিক অবসানের ঘোষণা দেওয়ার মধ্যেই এ মৃতদেহগুলো খুঁজে পাবার খবর প্রকাশিত হলো।
এদিকে বৃহস্পতিবার সিরিয়ার সহিংসতায় ২শ’ লোক নিহত হয়েছে বলে দাবি করেছে সরকার বিরোধীরা। কাতানায় পাওয়া ৬০টি মৃতদেহ এর অন্তর্ভুক্ত। সরকারি বাহিনী এ সব হতভাগ্যকে হত্যা করে লাশ এখানে ফেলে রেখে গেছে বলে দাবি করেছে তারা।
এদিকে লেবাননে ধারাবাহিক অপহরণের ঘটনায় আরও দুই ব্যক্তি অপহৃত হয়েছে বলে জানা গেছে। এর আগে লেবাননের একটি শিয়া গোষ্ঠী সিরিয়া ও তুরস্কের বেশ কয়েকজন সুন্নি মুসলিমকে অপহরণের কথা স্বীকার করে।
সিরীয় বিদ্রোহীদের হাতে দামেস্কে আটক তাদের এক সদস্যের মুক্তির দাবিতে এ অপহরণের ঘটনা ঘটানো হয়েছে বলে দাবি করেছে মেকদাদ নামের লেবাননের ওই শিয়া গোষ্ঠীটি।
বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১২
সম্পাদনা:রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর