ফরিদপুর: ফরিদপুরে পুলিশের লাঠিপেটায় পণ্ড হয়ে গেছে ওয়ার্ড ছাত্রদলের কর্মী সম্মেলন। এতে অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছেন। এ সময় ৩ নেতাকে আটক করেছে পুলিশ।
আটকরা হলেন-জেলা ছাত্রদলের সভাপতি বেনজির আহমেদ তাবরীজ, প্রচার সম্পাদক মোজাম্মেল হোসেন মিঠু ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক একে কিবরিয়া স্বপন।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় শহরের টেপাখোলা বনলতা সিনেমা হলের সামনে কোতোয়ালি থানা ছাত্রদলের ৬ নম্বর ওয়ার্ড ছাত্রদলের কর্মী সম্মেলন থেকে তাদের আটক করা হয়।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ মোদারেস আলী ইছা বাংলানিউজকে জানান, শহর ছাত্রদলের উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে শহরের টেপাখোলা বনলতা সিনেমা হলের সামনে কোতোয়ালি থানা ছাত্রদলের ৬ নম্বর ওয়ার্ড ছাত্রদলের কর্মী সম্মেলন চলছিল।
এ সময় হঠাৎ করে কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) আমিনুজ্জামানের নেতৃত্বে এক পুলিশের একটি দল শান্তিপূর্ণ কর্মী সম্মেলনে বেপরোয়া লাঠিপেটা করে কর্মী সম্মেলন পণ্ড করে দেয়।
লাঠিপেটায় যুবদল নেতা তরুণ, ছাত্র নেতা নাহিদ, হেমায়েত, গাজী মাহবুব, শিথিলসহ কমপক্ষে ১০ নেতাকর্মী আহত হয়। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিনুল হক নেতাদের আটকের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ২২৩২ ঘণ্টা, জুলাই ১৯, ২০১২
সম্পাদনা: প্রভাষ চৌধুরী, নিউজরুম এডিটর