চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন এবং বিএনপি একই সময় সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে সভা আহ্বান করায় শনিবার সকাল ১০টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে।
শিবগঞ্জের নয়ালাভাঙ্গায় অগ্নিসংযোগ ,লুটপাট ও বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে শনিবার বিকেলে শিবগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে জনসভা হওয়ার কথা ছিল।
জনভায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার মওদুদ আহমদ, বিএনপির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক মেয়র মিজানুর রহমান মিনু ও রাজশাহী বিভাগীয় সাংগাঠনিক সম্পাদক সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদসহ কেন্দীয় নেতাদের উপস্থিত থাকার কথা ছিল।
এদিকে, একই স্থানে ও একই সময় স্থানীয় পৌর ও উপজেলা আওয়ামী লীগও সভা আহ্বান করে।
এ ঘটনায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে পৌর এলাকার শনিবার সকাল ১০টা থেকে ১৪৪ ধারা জারির ঘোষণা করা হয়। একইসঙ্গে সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
সহিংসতা এড়াতে শুক্রবার রাতে শহরে চেকপোস্ট বসিয়ে তল্লাশিও করা হয়েছে।
এদিকে, শিবগঞ্জ পৌর বিএনপি সভাপতি মো. শফিকুল ইসলাম বাংলানিউজকে জানিয়েছেন, বিএনপি কানসাট-শিবগঞ্জ মহাসড়কের বাঁশমহল এলাকায় সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপি সভাপতি শাহজাহান মিঞার নিজস্ব আমবাগানে পূর্ব নির্ধারিত জনসভা করবে।
বাংলাদেশ সময়: ০৯০৮ ঘণ্টা, জানুয়ারি ২৬,২০১৩
সম্পাদনা: কামরুননাহার, নিউজরুম এডিটর, মতামত জানাতে ই-মেইল করুন: eic@banglanews24.com