![]() |
ঢাকা: ইউরো চ্যাম্পিয়নশিপে লাল বাহিনীর অগ্রযাত্রা থামিয়ে দিয়েছে পোল্যান্ড। মঙ্গলবার ‘এ’ গ্রুপের খেলায় তারা ১-১ গোলে রুখে দেয় রাশিয়াকে। এ ড্রয়ে গ্রুপের চারটি দলেরই কোয়ার্টার ফাইনালের সম্ভাবনার দ্বার খোলা রইলো।
ওয়ারশজাওয়ার নারোদোবি স্টেডিয়ামে রুশদের বিপক্ষে দারুণ লড়ে যায় পোলিশরা। বল পজিশনে রুশদের চেয়ে কিছুটা পিছিয়ে থাকলেও নিশানা লক্ষ্য করে শট নিতে এগিয়ে ছিলো স্বাগতিকরাই। নয়বার রাশিয়ার গোলপোস্টে হানা দেয় পোল্যান্ড। যেখানে রুশরা গোলের প্রকৃত সম্ভাবনা তৈরি করতে পেরেছে তিনবার।
যদিও রুশদের টানা দ্বিতীয় জয়ের স্বপ্ন দেখিয়েছিলেন চেক প্রজাতন্ত্রের বিপক্ষে জয়ের নায়ক অ্যালান জাগোয়েভ। ৩৭ মিনিটে ১-০ তে এগিয়ে যায় রাশিয়া। আন্দ্রে আরশাভিনের দুর্দান্ত ফ্রিকিকে গোলরক্ষক টাইটনকে পরাস্ত করেন আনমার্কড জাগোয়েভ। টুর্নামেন্টে যেটা ছিলো এই স্ট্রাইকারের তৃতীয় গোল। পোলিশরা কয়েকটি সুযোগ নষ্ট করায় এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় রুশরা।
কিন্তু ৫৭ মিনিটে কাউন্টার অ্যাটাকে স্বাগতিকদের খেলায় ফেরান জাকুব ব্লাসজিকোভস্কি। লুদোভিচ ওব্রানিয়াকের পাসে গোলরক্ষক মালাফিভকে পরাস্ত করতেই উল্লাসে ফেটে পড়ে ওয়ারশ স্টেডিয়াম। বাকি সময়ে লাল বাহিনী পোল্যান্ড জালে বল পাঠাতে না পারায় রাশিয়া দিবস উপলক্ষ্যে স্টেডিয়ামে আসা রুশ দর্শকদের মার্চ বিফল মনোরথেই বাড়ি ফেরে।
গ্রুপের প্রথম ম্যাচে রাশিয়া ৪-১ গোলে হারায় চেক প্রজাতন্ত্রকে । অন্যদিকে গ্রিসের সঙ্গে ১-১ গোলে ড্র করে পোল্যান্ড। ফলে চার পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রাশিয়া। তিন পয়েন্ট নিয়ে তাদের পেছনেই চেক প্রজাতন্ত্র। দুই ড্র’য়ে পোল্যান্ডের অবস্থান তৃতীয়। ১ পয়েন্ট নিয়ে তালিকায় সবার নিচে গ্রিস।
এদিকে রুশদের বিপক্ষে পোল্যান্ডের পয়েন্ট ভাগাভাগিতে লাভবান গ্রিস। দিনের অপর ম্যাচে চেক প্রজাতন্ত্রের কাছে ২-১ গোলে হেরে সেমিফাইনালে স্বপ্ন কার্যত শেষ হলেও পোল্যান্ড রাশিয়াকে রুখে দিয়ে স্বপ্ন বাঁচিয়ে দিয়েছে গ্রিসের।
বাংলাাদেশ সময়: ০৩১৬ ঘণ্টা, জুন ১৩, ২০১২
এএইচবি
সম্পাদনা: চঞ্চল ঘোষ, নিউজরুম এডিটর/সেকান্দার আলী, বিভাগীয় প্রধান স্পোর্টস