![]() |
সিলেট: আরাফাত রহমান কোকোর টাকা বাংলাদেশে আনাসহ পুরো প্রক্রিয়াটি সরকারের চক্রান্ত বলে খালেদা জিয়া যে অভিযোগ করেছেন, তা প্রত্যাখ্যান করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, চুরি ঢাকতেই এসব কথা বলা হচ্ছে।
তিনি বলেন, আরাফাত রহমান কোকোর মামলার সাথে সরকারের কোন সম্পৃক্ততা নেই, এটা আমেরিকান কোর্ট করেছে, সরকার শুধু জব্দকৃত টাকা দেশে ফিরিয়ে নিয়ে এসেছে।
বৃহস্পতিবার বিকেলে সিলেটে বিনোদিনী নগর মাতৃসদন কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।
২০০৯ সালের ২৭ ডিসেম্বর তিনি এই মাতৃসদন কেন্দ্রের ভিত্তিপ্রস্থর স্থাপন করেছিলেন।
বাংলাদেশ সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংকের অর্থায়নে ২ কোটি ৮৭ লাখ টাকা ব্যয়ে বিনোদিনী নগর মাতৃসদন কেন্দ্র স্থাপন করা হয়েছে । ৬ তলা বিশিষ্ট এই মাতৃসদন কেন্দ্রে স্থাপন করা হয়েছে আধুনিক যন্ত্রপাতি।
বাংলাদেশ সময়: ০২২৫ঘন্টা, নভেম্বর ৩০, ২০১২
এসএ/সম্পাদনা: সোহেলুর রহমান, নিউজরুম এডিটর