![]() |
ঢাকা: বঙ্গবন্ধু হত্যা সম্পর্কিত ভুল তথ্য সংশোধন না করা পর্যন্ত জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ তার ‘দেয়াল’ উপন্যাস প্রকাশ করবেন না, এমনটিই আশা করেছেন হাইকোর্ট।
মঙ্গলবার বিচারপতি এএইচএম শামসুদ্দীন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিমের ডিভিশন বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এ আশা প্রকাশ করেন।
তবে এদিন দুপুরে তবে দুপুরে সংশ্লিষ্ট কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার এবিএম আলতাফ হোসেন সাংবাদিকদের বলেন, ``বঙ্গবন্ধুর হত্যা সম্পর্কিত ভুল তথ্য সংশোধন না করা পর্যন্ত জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের `দেয়াল` উপন্যাস প্রকাশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।`
সেই আদেশ অনুযায়ী দেশের অনলাইন সংবাদমাধ্যম ও টিভি চ্যানেলগুলো হুমায়ূন আহমেদের দেয়াল উপন্যাস প্রকাশে হাইকোর্টের নিষেধাজ্ঞার খবর প্রচার করে।
কিন্তু বিকেলে তিনি সাংবাদিকদের জানান, তথ্যগত ভুল থাকার কারণে দেয়াল উপন্যাসটি সংশোধন না করা পর্যন্ত তা প্রকাশ করা হবে না বলে আশা প্রকাশ করেছেন আদালত। আর আদালতের আশা প্রকাশ আদেশ হিসেব গণ্য হবে। একই সঙ্গে হুমায়ূন আহমেদকে কেন সঠিক তথ্য সরবরাহ করার নির্দেশ দেওয়া হবে না-তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।
তথ্য সচিব, সংস্কৃতি সচিব ও শিক্ষা সচিবকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালত বলেছেন, ``হুমায়ূন আহমেদ একজন শ্রদ্ধাভাজন ব্যক্তি। তিনি বর্তমানে দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। তার ওপরে আদেশ দিয়ে তাকে আমরা বিব্রত করতে চাই না। আবার নতুন প্রজন্ম ভুল ইতিহাস জানুক সেটাও চাই না। কারণ মীর মশাররফের বিষাদসিন্ধুতে কারবালার ইতিহাস যেভাবে অতিরঞ্জিত করে বর্ণনা করা হয়েছে, মানুষ সে ইতিহাস সেভাবেই জানে।``
এ কারণে আদালত শিক্ষা, তথ্য ও সংস্কৃতি সচিবকে বঙ্গবন্ধু হত্যা মামলার রায় ও সাক্ষ্য-বিবরণ হুমায়ূন আহমেদের কাছে সরবরাহ করতে নির্দেশ দিয়েছেন। যাতে তিনি ভুল সংশোধনের সুযোগ পান।
১২ দিনের মধ্যে তথ্যসচিব, শিক্ষাসচিব ও সংস্কৃতিসচিবকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
প্রসঙ্গত, হুমায়ূন আহমেদের প্রকাশিতব্য রাজনৈতিক উপন্যাস ‘দেয়াল’-এর দুটি অধ্যায় গত ১১ মে শুক্রবার দৈনিক প্রথম আলোর সাহিত্য সাময়িকীতে ছাপা হয়। এতে ১৯৭৫ সালে সপরিবারে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের একটি বিবরণ রয়েছে।
সোমবার হুমায়ূন আহমেদের বিরুদ্ধে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড নিয়ে তথ্য বিকৃতির অভিযোগ তোলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আদালত মঙ্গলবার এ বিষয়ে শুনানির দিন ধার্য করেন।
বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, মে ১৫, ২০১২
এমইএস/সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর