English
সব খবর      অর্থনীতি     আন্তর্জাতিক     ইচ্ছেঘুড়ি     কপ-১৭     খেলা     জাতীয়     জীববৈচিত্র্য     তথ্যপ্রযুক্তি     পিআইডি পরিক্রমা     প্রবাসের চিঠি     ফিচার     বাংলানিউজ স্পেশাল     বাংলানিউজএক্সক্লুসিভ     বিদ্যুৎ ও জ্বালানি     বিনোদন     মনোকথা     মুক্তমত     রাজনীতি     শিল্প-সাহিত্য     সত‌্যি বিচিত্র!     স্বপ্নযাত্রা     স্বাস্থ্য     

রাজধানীতে দিনে চুরি ৫০ গাড়ি, ৩৫ চক্র জড়িত


ইমরান আলী, স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
রাজধানীতে দিনে চুরি ৫০ গাড়ি, ৩৫ চক্র জড়িত
রাজধানীতে আটক তিন গাড়িচোর (ফাইল ছবি)

ঢাকা: রাজধানীতে প্রতিদিন প্রাইভেট কার, সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেল মিলিয়ে অন্তত ৫০টি গাড়ি চুরি বা ছিনতাই হচ্ছে। আর এসব ঘটনায় জড়িত রয়েছে রাজধানী ও এর আশপাশের অন্তত ৩৫টি চক্র।

মহানগর গোয়েন্দা পুলিশের গাড়ি চোর প্রতিরোধ টিমের হিসাবে, গত তিন বছরে রাজধানীতে চুরি ও ছিনতাই হয়েছে প্রায় তিন হাজার গাড়ি । এর মধ্যে উদ্ধার হয়েছে মাত্র ৭শ’। ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার করা হয়েছে ৪শ’ জনকে।

এছাড়া গাড়ি ছিনতাইকারীদের হামলার শিকার হয়ে হতাহতের ঘটনাও ঘটেছে।

এ ব্যাপারে জানতে চাইলে মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মনিরুল ইসলাম ইসলাম বাংলানিউজকে বলেন, “গাড়িচোর প্রতিরোধ টিমের কার্যক্রমের ফলে চুরি প্রবণতা কমে এসেছে। তবে টিমের কার্যক্রম এখনও চলছে।”

মহানগর গোয়েন্দা পুলিশের এক সূত্র জানায়, কয়েক বছর আগে রাজধানী ও এর আশপাশে সিএনজি অটোরিকশা ও প্রাইভেটকার চুরি-ছিনতাই ভয়াবহ আকার ধারণ করেছিল। চুরি যাওয়া গাড়ি ফেরত পাওয়া ছিল কল্পণাতীত। এ ধরনের ঘটনা প্রতিরোধে ঢাকা মহানগর পুলিশ গঠন করে `গাড়ি চুরি-ছিনতাই প্রতিরোধ ও উদ্ধার টিম`। ২০০৭ সালে একটি টিম নিয়ে কার্যক্রম শুরু হয়। পরে দু’টি টিম গঠন করা হয়। রাজধানীর থানাগুলোতে গাড়ি চুরি বা ছিনতাই সংক্রান্ত মামলার তদন্ত করে এসব টিম।

সূত্রমতে, রাজধানী ও এর আশপাশে প্রতিদিন গড়ে প্রায় ৫০টি গাড়ি চুরি বা ছিনতাই হয়ে থাকে। গত তিন বছরে প্রায় তিন হাজার গাড়ি চুরি ছিনতাই হয়েছে। কিন্তু উদ্ধার হয়েছে মাত্র ৭শ’। এই ছিনতাইকাজে ৩৫টি গ্রুপ জড়িত। দুই শতাধিক সদস্য রয়েছে এসব গ্রুপে।

গত ৭ আগস্ট মহানগর গোয়েন্দা পুলিশের গাড়ি চোর প্রতিরোধ টিম রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫ সিএনজি চোরকে গ্রেফতার করে, উদ্ধার করে ১২টি গাড়ি। এদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে গাড়ি চুরি চক্রের ব্যাপারে তথ্য পাওয়া গেছে। গোয়েন্দা পুলিশ সেই তথ্যের সূত্র ধরে অভিযান অব্যাহত রেখেছে।

আটকদের স্বীকারোক্তি অনুযায়ী, নানা কৌশলে গাড়ি চুরি বা ছিনতাই করে তারা। চালককে নেশা বা বিষ জাতীয় খাবার খাইয়ে ছিনতাই করা হয়। এদের অনেক সময় অজ্ঞানপার্টিও বলা হয়ে থাকে। কখনও যাত্রী সেজে চালককে মারধর করে গাড়ি নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। কখনো ছিনতাইয়ের কাজে ব্যবহার করা হয় সুন্দরী নারী।

চালককে হত্যা করার মতো নিষ্ঠুর পন্থায়ও গাড়ি ছিনতাই করা হয় বলে স্বীকারোক্তিতে বলেছে তারা।
এছাড়া দেখা গেছে, গাড়ি চুরি ছিনতাইয়ের সঙ্গে পেশাদার সন্ত্রাসী এবং গাড়ি চালকদের একটা বড় অংশ জড়িত।
গাড়িচোর গ্রেফতার অভিযানে অংশ নেওয়া মহানগর গোয়েন্দা পুলিশের গাড়িচোর প্রতিরোধ টিমের সহকারী কমিশনার মুনতাসির রহমান বাংলানিউজকে বলেন, “আমরা এদের ব্যাপারে জিজ্ঞাসাবাদে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। এসব তথ্যের ভিত্তিতে অভিযান চলছে। রাজধানী ও এর আশপাশে ৩৫ গাড়িচোর সিন্ডিকেট শনাক্ত করা হয়েছে।”

গাড়ি চোরদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মনিরুল ইসলাম দাবি করেন, গাড়ি চুরি-ছিনতাই প্রতিরোধ টিম তৎপর থাকায় রাজধানীতে ছিনতাইয়ের ঘটনা আগের চেয়ে অনেক কমেছে। প্রতি মাসে যেখানে গাড়ি চুরি ও ছিনতাইয়ের ঘটনায় মামলার সংখ্যা ছিল ৮০ থেকে একশ`, সেখানে এ সংখ্যা এখন অর্ধেকে নেমে এসেছে।

তিনি বলেন, “গাড়িচোর সিন্ডিকেটের নেটওয়ার্ক দেশব্যাপী। চুরির সঙ্গে জড়িত একটি বড় অংশ ধরা পড়ায় তাদের নেটওয়ার্ক অনেকটা ভেঙে পড়েছে। একটা সময় রাজধানীতে গাড়ি ও গাড়ির যন্ত্রাংশ চুরির সমস্যা জটিল আকার ধারণ করেছিল। বর্তমানে এটি নেই।”

গাড়ি চুরি ছিনতাই এড়াতে গাড়িতে চুরি প্রতিরোধী ডিভাইস লাগানোর পরামর্শ দেন মনিরুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১২
এআর/ সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর/ জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

আগের পৃষ্ঠা
যোগাযোগ: বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com
বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত
একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান