![]() |
| ছবি: সুমন্ত /বাংলানিউজটোয়েন্টিফোর.কম |
ঢাকা: বাংলাদেশ থেকে দক্ষিণ আফ্রিকায় নিটপণ্য রফতানি বাড়ানোর লক্ষ্যে বিদ্যমান শুল্ক কাঠামো পরিবর্তনের জন্য বাংলাদেশ সফররত দক্ষিণ আফ্রিকার ব্যবসায়ী প্রতিনিধি দলের কাছে অনুরোধ জানিয়েছে নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)।
মঙ্গলবার দুপুরে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ের বলরুমে সফররত দ. আফ্রিকা প্রতিনিধিদলের সঙ্গে বিকেএমইএ’র বৈঠক শেষে সহ-সভাপতি মোহাম্মদ হাতেম সাংবাদিকদের এ তথ্য জানান।
এ সময় তিনি বলেন, ‘দক্ষিণ আফ্রিকার ভ্যন্তরীণ নিটওয়্যার পণ্যের বাজার অত্যন্ত বৃহৎ। ২০১১ সালে দেশটি বিশ্বের বিভিন্ন বাজার থেকে ৬৭৭ দশমিক ৪৩ মিলিয়ন নিটওয়্যার পণ্য আমদানি করেছে।
যেখানে ২০১০ সালে এর পরিমান ছিল ৫৯৫ দশমিক ৩৯ মিলিয়ন। চীন দক্ষিণ আফ্রিকায় সবচেয়ে বেশি নীট পণ্য রপ্তানি করে থাকে। এরপরই রয়েছে মরিশাস, ভারত ও বাংলাদেশের অবস্থান।
তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য হচ্ছে মরিশাস, ভারতকে অতিক্রম করে দক্ষিণ আফ্রিকায় নীট পণ্য রপ্তানিতে বাংলাদেশকে ২য় স্থানে পৌঁছানো।
বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার বাণিজ্য হার কম হলেও বর্তমানে দুই পক্ষের দিক থেকেই ইতিবাচক মনোভাব লক্ষ্য করা যাচ্ছে। ২০০১ সালে এ দুই দেশের সামগ্রিক বাণিজ্য হার ছিল ইউএস ডলার ১১ দশমিক ৩৫ মিলিয়ন । গত দশ বছরে এটি বৃদ্ধি পেয়ে দশগুণ হয়েছে। এই দীর্ঘ এগারো বছরে ২০০১ হতে ২০১১ পর্যন্ত দক্ষিণ আফ্রিকা রপ্তানিতে অনেক সময় ভর্তুকি দিয়েওয় বলেও জানান তিনি।
এ সময় তিনি বলেন, ‘আলোচনায় বলা হয়- বিদ্যমান শুল্ক কাঠামো দূর করতে পারলে আগামী ৫ বছরের মধ্যে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি নীটওয়্যার পণ্য রপ্তানি ৩ গুণ হবে।’
এছাড়াও তিনি দীর্ঘমেয়াদে বাংলাদেশে দক্ষিণ আফ্রিকার দূতাবাস স্থায়ীকরণ, দু’দেশের মধ্যে ব্যাংকিং পদ্ধতি আরও কার্যকর করা এবং সহজ শর্তে দু’দেশের মধ্যকার নীট খাতের পণ্য রপ্তানিকরণের বাণিজ্য চুক্তি স্বাক্ষর করার ব্যাপারে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান ।
বৈঠকে সফররত দক্ষিণ আফ্রিকা প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ডিপার্টমেন্ট অব ইন্টারন্যাশনাল রিলেশনস অ্যান্ড কো-অপারেশন (ডারকো) মিনিস্ট্রি অব ফরেন অ্যাফেয়াসের্র ডেপুটি ডাইরেক্টর জেনারেল অনিল সুকলা।
বৈঠকে বিকেএমইএ ২য় সহ-সভাপতি মোহাম্মদ হাতেম, সহ-সভাপতি মনসুর আহমেদ, সহ-সভাপতি (অর্থ) এএইচ আসলাম সানি ও পরিচালক এবং বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তা মি. মোস্তফা কামাল, এডিশনাল সেক্রেটারী টু মিনিস্ট্রি অব ফরেন অ্যাফেয়ার্স, মি. এমডি আল্লামা সিদ্দিকি, ডিজি (আফ্রিকা), এমএস. মালেকা পারভীন, ডাইরেক্টর (আফ্রিকা ডেস্ক), মি. মুহাম্মদ সাকিব সাদাকাত, সিনিয়র এসিসট্যান্ট সেক্রেটারী (আফ্রিকা ডেস্ক) উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, জুন ১২, ২০১২
এসএমএকে/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর