English
সব খবর      অর্থনীতি     আন্তর্জাতিক     ইচ্ছেঘুড়ি     কপ-১৭     খেলা     জাতীয়     জীববৈচিত্র্য     তথ্যপ্রযুক্তি     পিআইডি পরিক্রমা     প্রবাসের চিঠি     ফিচার     বাংলানিউজ স্পেশাল     বাংলানিউজএক্সক্লুসিভ     বিদ্যুৎ ও জ্বালানি     বিনোদন     মনোকথা     মুক্তমত     রাজনীতি     শিল্প-সাহিত্য     সত‌্যি বিচিত্র!     স্বপ্নযাত্রা     স্বাস্থ্য     

স্বপ্নদলের ‘চিত্রাঙ্গদা’ কুষ্টিয়ার রবীন্দ্র নাট্যোৎসবে


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
স্বপ্নদলের ‘চিত্রাঙ্গদা’ কুষ্টিয়ার রবীন্দ্র নাট্যোৎসবে

ঢাকা: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবর্ষ উপলক্ষে কুষ্টিয়ায় চলমান খুলনা বিভাগীয় ‘রবীন্দ্র নাট্যোৎসব-২০১২’ এর চতুর্থ দিনে আগামী ২৮ জুন বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমিতে নাট্যসংগঠন স্বপ্নদল মঞ্চায়ন করবে দর্শকনন্দিত প্রযোজনা রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যনাট্য ‘চিত্রাঙ্গদা’।

গবেষণাগার নাট্যরীতিতে নির্মিত আলোচিত এ প্রযোজনাটির নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং আইটিআই, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় আয়োজিত এ নাট্যোৎসবে যোগ দিতে আগামী ২৭ জুন বুধবার ৩৫ সদস্যের দল নিয়ে কুষ্টিয়া যাচ্ছে স্বপ্নদল।

সার্ধশত রবীন্দ্রবর্ষে রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধাঞ্জলি-স্মারক প্রযোজনা হিসেবে এবং রবীন্দ্রনাট্য নির্মাণে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অনুদানে স্বপ্নদল গত বছর মঞ্চে আনে কাব্যনাট্য ‘চিত্রাঙ্গদা’। রবীন্দ্রনাথ ১৮৯২ সালে মাত্র একত্রিশ বছর বয়সে মহাভারতের চিত্রাঙ্গদা উপাখ্যানটি রূপক ধরে কিছু রূপান্তরসহ আধুনিক মানবের অন্তর্দ্বন্দ্বের প্রতিচ্ছবিরূপে রচনা করেন এ কাব্যনাট্যটি।

চিত্রাঙ্গদার নাট্যকাহিনীতে উপস্থাপিত হয়, মহাবীর অর্জুন সত্যপালনের জন্য একযুগ ব্রহ্মচর্যব্রত গ্রহণ করে মণিপুর বনে এসেছেন। মণিপুর রাজকন্যা চিত্রাঙ্গদা অর্জুনের প্রেমে উদ্বেলিত হলেও অর্জুন রূপহীন চিত্রাঙ্গদাকে প্রত্যাখ্যান করেন। অপমানিত চিত্রাঙ্গদা প্রেমের দেবতা মদন এবং যৌবনের দেবতা বসন্তের সহায়তায় এক বছরের জন্য অপরূপ সুন্দরীতে রূপান্তরিত হন। অর্জুন এবারে যথারীতি চিত্রাঙ্গদার প্রেমে পড়েন। কিন্তু অর্জুনকে লাভ করেও চিত্রাঙ্গদার অন্তর দ্বন্দ্বে ক্ষত-বিক্ষত হতে থাকে, অর্জুন প্রকৃতপক্ষে কাকে ভালোবাসেন, চিত্রাঙ্গদার বাহ্যিক রূপ নাকি তার প্রকৃত অস্তিত্বকে? অতঃপর চিত্রাঙ্গদার আত্মদ্বন্দ্ব আর নানা ঘটনার মধ্য দিয়ে এ সত্য উপলব্ধি করা যায় যে, বাইরের অবয়বের চেয়ে নারী-পুরুষের চারিত্রিকশক্তি অনেক বেশি মূল্যবান এবং এতেই প্রকৃতপক্ষে আত্মার স্থায়ী পরিচয়।

পাশাপাশি চিত্রাঙ্গদায় নারীর আত্ম-অধিকারের সচেতনতাসহ নারী-পুরুষের সম্মানাবস্থান এবং এক্ষেত্রে পুরুষের প্রচলিত দৃষ্টিভঙ্গির পরিবর্তনের প্রয়োজনীয়তা প্রভৃতি প্রসঙ্গও যেভাবে এসেছে তার তুলনা সমগ্র বিশ্বশিল্প বা সাহিত্যে দুর্লভ!

রবীন্দ্রনাথ কাব্যনাটক ‘চিত্রাঙ্গদা’ রচনার প্রায় চুয়াল্লিশ বছর পরে ১৯৩৬ সালে তার পঁচাত্তর বছর বয়সে রচনা করেন নৃত্যনাট্য ‘চিত্রাঙ্গদা’ যেটি দেশে-বিদেশে অসংখ্য নাট্যদলের মঞ্চায়নের মাধ্যমে সুপরিচিত। অন্যদিকে কাব্যনাট্য ‘চিত্রাঙ্গদা’ একটি দুরূহ ও অপ্রচলিত রচনা হিসেবে স্বীকৃত ছিল। এমনকি রবীন্দ্রনাথও কখনোই এটি মঞ্চায়নে উদ্যোগী হননি।

রবীন্দ্রনাথের সার্ধশত জন্মবর্ষে রচনার ১১৯ বছর পরে স্বপ্নদলের প্রযোজনায়ই আধুনিক মঞ্চে প্রথম কাব্যনাট্য চিত্রাঙ্গদার নিয়মিত মঞ্চায়ন সূচিত হয়েছে।
প্রসঙ্গত, সম্প্রতি রবীন্দ্রনাথের ১৫১তম জন্মবার্ষিকী উপলক্ষে শিল্পকলা একাডেমিতে বিশেষ মঞ্চায়ন ছাড়াও বিটিভি ও বাংলাদেশ বেতার স্বপ্নদলের ‘চিত্রাঙ্গদা’ প্রযোজনাটি সম্পচার করে। এছাড়াও আন্তর্জাতিক নারী দিবস উদযাপনসহ বাংলা একাডেমির বইমেলা, সোনারগাঁও লোক ও কারুশিল্প মেলা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ফরিদপুরের রবীন্দ্র নাট্যমেলা প্রভৃতি স্থানে প্রযোজনাটির আমন্ত্রিত প্রদর্শনী মঞ্চায়িত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, জুন ২৫, ২০১২
সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

আগের পৃষ্ঠা
যোগাযোগ: বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com
বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত
একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান