![]() |
ঢাকা: ভিয়েতনামের উত্তরাঞ্চলে শুক্রবার রাতে প্রবল সামুদ্রিক ঝড় আঘাত হেনেছে। টাইফুন কাই-তাক নামে অভিহিত দক্ষিণ চীন সাগরের এ ভয়ানক সামুদ্রিক ঝড়ে জনজীবন বিপর্যস্ত হওয়ার পাশাপাশি কয়েকজনের প্রাণহানির খবর দিয়েছে সংবাদমাধ্যম।
কর্তৃপক্ষ প্রাথমিকভাবে ৪ জনের প্রাণহানির খবর নিশ্চিত করলেও মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
প্রচন্ড ঝড়ে ভিয়েতনামের উত্তরাঞ্চলীয় উপকূলীয় এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ঝড়টি শনিবার দুর্বল হয়ে পড়লেও বৃষ্টিপাত অব্যাহত থাকায় ভিয়েতনামের বিভিন্ন জায়গা পানিতে প্লাবিত হয় বলে জানা গেছে। বন্যায় রাজধানী হ্যানয়ও প্লাবিত হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম।
ঝড়ের হাত থেকে বাচঁতে ইউনেস্কো ঘোষিত ঐতিহ্যবাহী স্থান হালং বেতে চলাচলকারী প্রায় ১১ হাজার নৌকাকে নিরাপদ দূরত্বে অবস্থান করার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
এদিকে পরিস্থিতি মোকাবেলা জন্য ২০ হাজার সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছে ভিয়েতনামি কর্তৃপক্ষ।
বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১২
সম্পাদনা: জনি সাহা ও রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর