English
সব খবর      অর্থনীতি     আন্তর্জাতিক     ইচ্ছেঘুড়ি     কপ-১৭     খেলা     জাতীয়     জীববৈচিত্র্য     তথ্যপ্রযুক্তি     পিআইডি পরিক্রমা     প্রবাসের চিঠি     ফিচার     বাংলানিউজ স্পেশাল     বাংলানিউজএক্সক্লুসিভ     বিদ্যুৎ ও জ্বালানি     বিনোদন     মনোকথা     মুক্তমত     রাজনীতি     শিল্প-সাহিত্য     সত‌্যি বিচিত্র!     স্বপ্নযাত্রা     স্বাস্থ্য     

৮০ বছর পর...


আন্তর্জাতিক ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
৮০ বছর পর...

ঢাকা: দীর্ঘ আশি বছর পর মনে পড়ল লাইব্রেরি থেকে বই এনে আর ফেরত দেওয়া হয়নি। আয়ারল্যান্ডের নাভান গ্রন্থাগারের এক পাঠক চলতি সপ্তাতেই ডাক যোগে বইটি ফেরত পাঠিয়েছে। এতোদিন পর বই ফেরত পেয়ে কর্মকর্তারা একই সঙ্গে অবাক ও উৎফুল্ল।

১৯৩২ সালে ডাবলিনে অনুষ্ঠিত ৩১তম ইন্টারন্যাশনাল ইউক্যারিস্টিক কংগ্রেসের ছবি সম্বলিত বইটি সে বছরই প্রকাশ করা হয়। প্রকাশের পর পরই কেউ একজন গ্রন্থাগার থেকে সেটি ধার নেয়। তারপর থেকেই বইটি আর খুঁজে পাওয়া যায়নি।

মজার ব্যাপার হলো, আগামী মাসেই ডাবলিনে ইন্টারন্যাশনাল ইউক্যারিস্টিক কংগ্রেসের ৫০তম সম্মেলনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। ৫০তম সম্মেলনের প্রাক্কালে ৩১তম সম্মেলনের চিত্র সম্বলিত এ বই তাই ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে।

গ্রন্থাগারের নিয়ম অনুসারে, সময়মত বই ফেরত না দিলে প্রতি সপ্তাতে এক পেনি করে জরিমানা দিতে হয়। সে হিসাবে সেই পাঠকের জরিমানা হয়েছে ৪ হাজার ১ শ ৬০ ইউরো যা বাংলাদেশি টাকায় প্রায় ৪ লাখ ২১ হাজার ৪ শ ৩৩ টাকা।

তবে জরিমানা আদায়ের কোনো ইচ্ছে নেই গ্রন্থাগার কর্তৃপক্ষের। তারা বরং বইটি যে ফেরত দিয়েছে তার পরিচয় পেলেই খুশি হবেন বলে জানিয়েছেন গ্রন্থাগারিক সিয়ারান মাঙ্গান।

নাম পরিচয় গোপন করে ডাকে পাঠানোর কারণে বইটি গ্রন্থাগার থেকে যিনি ধার নিয়েছিলেন তার হদিস মেলেনি। ১৯৯৪ সাল থেকে গ্রন্থাগারের সব তথ্য উপাত্ত কম্পিউটারে সংরক্ষণ করা হচ্ছে। কাজেই ১৯৩২ সালের সেই কাগুজে নথিপত্র ঘেঁটে সেই পাঠকের পরিচয় বের করা প্রায় অসাধ্য কাজ।

বইটির ব্যাপারে মানুষের কৌতূহল মেটাতে গ্রন্থাগার কর্তৃপক্ষ সেটি প্রদর্শনের সিদ্ধান্ত নিয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, জুন ০২, ২০১২
সম্পাদনা: শামসুন নাহার ও জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

আগের পৃষ্ঠা
যোগাযোগ: বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com
বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত
একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান