ঢাকা: শিল্প ও বাণিজ্য প্রতিষ্ঠানের সম্পদ ও দায়-দেনা মূল্যায়নের জন্য ৯টি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট (সিএ) ফার্মকে তালিকাভুক্তকরণসহ লিজ ডকুমেন্টের খসড়া অনুমোদন করেছে বেসরকারিকরণ কমিশন।
মঙ্গলবার কমিশনের ৫৫তম সভায় এ অনুমোদন দেওয়া হয়। কমিশনের চেয়ারম্যান ড. মির্জা আবদুল জলিল সভায় সভাপতিত্ব করেন।
সভায় জানানো হয়, কমিশনের তালিকাভুক্ত হওয়ার জন্য ১২টি সিএ ফার্ম আবেদন করে। এর মধ্যে দরপত্রে উল্লেখিত শর্ত পূরণ না করায় বাকি ৩টিকে অনুমোদন দেওয়া হয়নি।
যে ৯টি সিএ ফার্মকে তালিকাভুক্ত করা হয় সেগুলো হচ্ছে, এ মতিন অ্যান্ড কোং, এটি তালুকদার অ্যান্ড কোং, বসু ব্যানার্জি নাথ অ্যান্ড কোং, এম আই চৌধুরী অ্যান্ড কোং, খান ওয়াহেব শফিক অ্যান্ড কোং, মেসার্স কাজী জহির অ্যান্ড কোং, রহমান হক চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কে এম আলম অ্যান্ড কোং ও নূরুল আজিম অ্যান্ড কোং।
কমিশন জানায়, এ সিএ ফার্মগুলোকে ৫ বছরের জন্যে তালিকাভুক্ত করা হয়েছে। এছাড়া রাষ্ট্রায়ত্ত্ব বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান লিজ প্রদানের জন্য লিজ ডকুমেন্টের (লিজ শর্তাবলী ও লিজ চুক্তি) খসড়া অনুমোদন দেওয়া হয়েছে।
অন্য সিদ্ধান্তগুলোর মধ্যে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন মেসার্স আরকো ইন্ডাস্ট্রিজ লিমিটেড’র সাড়ে ১১ শতাংশ সরকারি শেয়ার মেজরিটি শেয়ার হোল্ডারদের কাছে বিক্রির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। চট্টগ্রামের নাসিরাবাদে ১৯৫৫ সালে প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠানে লেদার বোর্ড, ফোম ও ইনস্যুলেশন সিট উৎপাদিত হয় ।
বেসরকারিকরণ কমিশন কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় আরো উপস্থিত ছিলেন আসাদুজ্জামান খান কামাল এমপি, মাহাবুব আরা বেগম গিনি এমপি, বাণিজ্য সচিব মো. গোলাম হোসেন, প্রাইভেটাইজেশন কমিশনের সদস্য বেগম রোকেয়া সুলতানা ও মোহাম্মদ গোলাম কুদ্দুস প্রমুখ।
বাংলাদেশ সময়: ২২১৩ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১২
এসআর/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর