নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় শুক্রবার দুপুরে উদ্ধার করা লাশের পরিচয় মিলেছে। তার নাম হারাধন (৫৫)।
পুলিশের ধারণা তাকে হত্যার পর লাশ ফেলে রাখা হয়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের দাগ রয়েছে।
শুক্রবার দুপুরে ফতুল্লায় খান সাহেব ওসমান আলী ৩ নম্বর জাতীয় স্টেডিয়ামের সামনের ময়লা স্তুপ থেকে লাশটি উদ্ধার করা হয়।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হুদা জানান, নিহত হারাধনের বাবার নাম হরেন্দ্র নাথ দে। হারাধন শহরের বঙ্গবন্ধু সড়কে ডিআইটি বাণিজ্যিক এলাকায় বর্ষণ সুপার মার্কেটের সামনে চায়ের দোকানী। গত এক বছর ধরে সে পরিবারের সঙ্গে বিচ্ছিন্ন।
সবশেষ গত ১৮ জানুয়ারি শহরের মীনা বাজার এলাকায় মেয়ের বাড়িতে দাওয়াত খেয়ে গিয়েছিল হারাধন। এর পর থেকে হারাধনের আর খোঁজ পাওয়া যায়নি। তবে হারাধনের নিখোঁজের ব্যাপারে তার পরিবারের পক্ষ থেকে থানায় কোনো জিডিও করা হয়নি।
শুক্রবার দুপুরে ময়লার স্তুপ থেকে হারাধনের লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে দু’একদিন আগে তাকে হত্যা করা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে প্রচুর আঘাতের দাগ রয়েছে। হত্যার পর লাশ ময়লা স্তুপের মধ্যে পুঁতে রাখা হয়েছিল। নিহতের পকেটে সাবিতা নামের এক নারীর ফোন নম্বর উদ্ধার করা হয়। ওই নম্বরে ফোন করলে পরিবার এসে হারাধনের লাশ শনাক্ত করেন।
বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৩
তানভীর/সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর; নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর