![]() |
বান্দরবান : বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি এই ৩ পার্বত্য জেলাসহ সারা দেশের মুক্তিযোদ্ধাদের মধ্যে ইউকেচিং হচ্ছেন একমাত্র বীরবিক্রম উপাধিপ্রাপ্ত আদিবাসী মুক্তিযোদ্ধা।
মুক্তিযুদ্ধে তার অসামান্য অবদানের কথা এসে যায় ইতিহাসের পাতা উল্টালেই। যদিও
অভাব-অনটন এখন ৭৭ বছর বয়সী এই বীরবিক্রমের নিত্য সঙ্গী। তিনি এখন চিন্তিত তার বাকি জীবন ও সন্তানদের ভবিষ্যৎ নিয়ে।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরুর সঙ্গে সঙ্গে তিনি যুদ্ধে যোগ দেন। ২৫ মার্চ ইপিআরের নায়েক হিসেবে তিনি রংপুরের হাতিবান্ধা বিওপিতে কর্মরত ছিলেন। সেখান থেকে রংপুর ৬ নম্বর সেক্টরে মেজর বাশারের নেতৃত্বে ৯ বাংলাদেশি ইপিআর সৈনিককে নিয়ে পাটগ্রামসহ বিভিন্ন এলাকায় যুদ্ধ করেন। দেশকে পাক হানাদার মুক্ত করতে বিওপিতে কর্মরত ১ বিহারি ও ২ পাঞ্জাবিকে হত্যা করেন তিনি। টানা নয় মাস সম্মুখ যুদ্ধ করে দেশকে শত্রুমুক্ত করেন তিনি।
বাংলাদেশ সরকারের দেয়া খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার সংখ্যা ৬৭৬ জন। এর মধ্যে ৭ জন বীরশ্রেষ্ঠ, ৬৮ জন বীরউত্তম, ১৭৫ জন বীরবিক্রম ও ৪২৬ জনকে বীরপ্রতীক খেতাবে ভূষিত করে সরকার।
স্বাধীনতা যুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ইউকেচিংকে বীরবিক্রম উপাধিতে ভূষিত করে সরকার।
ইউকেচিং বিভিন্ন সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন।
বীরবিক্রম ইউকেচিং বাংলানিউজকে জানান, অভাব নিত্যসঙ্গী হলেও তিনি তার ব্যক্তিত্বকে বিসর্জন দেননি কোনদিন, কারও কাছে হাত পাতেননি। ২ ছেলেমেয়ে নিয়ে সংসার চালাতে তার বেশ কষ্ট হয়। তার ছেলে মেয়েরা সাঙ্গু নদীর চরে অন্যের জমিতে শ্রমিকের কাজ করে যা আয় করেন তা দিয়ে কোন মতে প্রতিদিনের আহারের জোগাড় হচ্ছে।
বান্দরবানের সাঙ্গু নদীর তীর ঘেঁষে পাহাড়ের পাদদেশে লাংগিপাড়ায় ১ জীর্ণশীর্ণ ঘরে পরিবার নিয়ে বাস করতেন ইউকেচিং। পরে ২০১০ সালে বান্দরবান ৬৯ পদাতিক ব্রিগেডের পক্ষ থেকে তার বাড়িটি পুননির্মাণ করে দেয়া হয়। গত বছর তার নামে স্থানীয় ১টি সড়কেরও নামকরণ করা হয়।
গত বছরের ১৩ অক্টোবর তার হাতে দেড় লক্ষ টাকার চেক তুলে দেয় জনতা ব্যাংক কর্তৃপক্ষ। মুক্তিযোদ্ধা হিসেবে সম্মাননা ভাতা পেলেও এর বাইরে তেমন কোন আর্থিক সহায়তা পাননি তিনি।
এরপরও এই বীরবিক্রম বাংলানিউজকে বলেন, ‘দেশমাতৃকার জন্য যুদ্ধ করে আমি মহাখুশি, ১টি স্বাধীন দেশ পেয়েছি, নতুন লাল সবুজের পতাকা পেয়েছি, এর চেয়ে বড় পাওয়া আর কী হতে পারে।’
তবে স্থানীয় অনেকে মনে করেন, দেশের অন্য বীরবিক্রম উপাধিপ্রাপ্তদের মতো ইউকেচিংয়ের সম্মান এবং সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়নি।
বাংলাদেশ সময় : ১৫৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১১