রাজশাহী: রেলের টিকিট কালোবাজারি বন্ধ ও বগি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজশাহী নগরে বিক্ষোভ মিছিল ও অবস্থান ধর্মঘট পালন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ও সমাজতান্ত্রিক দল (বাসদ)।
শনিবার রাজশাহী রেলওয়ে স্টেশন চত্বরে বিক্ষোভ মিছিল শেষে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেন দলের নেতাকর্মীরা।
এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন- “প্রতিদিন রেলে রাজশাহী-ঢাকা রুটে বিপুল সংখ্যক মানুষ যাতায়াত করলেও তারা কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। দীর্ঘ দিন থেকে বগি সংকটের কারণে যাত্রীদের দীর্ঘ পথ দাঁড়িয়ে যেতে হচ্ছে।”
এক শ্রেণির কর্মচারী রেলের টিকিট কালোবাজারি করছেন। যাত্রী ভোগান্তি দূর করতে অবিলম্বে সব রুটে বগি বৃদ্ধি, রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে ডাবল রেল চালু ও টিকিট কালোবাজারী বন্ধের দাবি জানান বক্তারা।
সমাবেশে বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টির রাজশাহী মহানগর সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক এনামুল হক, বাসদ জেলা সমন্বয়ক দেবাশীষ রায়, বাসদ নেতা আলফাজ উদ্দিন প্রমুখ।
বাংলাদেশ সময় : ২২০৭ ঘণ্টা, জুলাই ২৮, ২০১২
সম্পাদনা : প্রভাষ চৌধুরী, নিউজরুম এডিটর,
সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর
kumar.sarkerbd@gmail.com