যশোর: যশোরে দুর্বৃত্তদের হাতে খুন হওয়া ট্রাক চালক ও হেলপারের লাশের ময়নাতদন্ত বুধবার রাতে সম্পন্ন হয়েছে। তাদের লাশ স্ব স্ব পরিবারে পাঠিয়ে দেওয়া হয়েছে।
যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে রাত ৯টার দিকে লাশ খুলনায় পাঠানো হয়েছে।
এদিকে, নিহত শহিদুলের ভাই আল আমিন বাদী হয়ে জোড়া হত্যাকাণ্ডের ঘটনায় যশোর কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেছেন।
উল্লেখ্য, গত বুধবার বিকেলে যশোর-খুলনা মহাসড়কের বসুন্দিয়া এলাকায় ট্রাক থেকে চালক খুলনার দৌলতপুর থানার মানিকতলা এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে শহিদুল ইসলাম (৩৮) ও হেলপার একই এলাকার মোজাম্মেল হোসেনের ছেলে সোহানুর রহমান সোহাগের (২৫) লাশ উদ্ধার করে পুলিশ।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রহমান বলেন, “অজ্ঞাত দুর্বৃত্তরা এ দু’জনকে হত্যার পর লাশ ট্রাকের মধ্যে পলিথিন দিয়ে ঢেকে রেখে পালিয়ে যায়। পুলিশ খবর পেয়ে লাশ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। একইসঙ্গে ট্রাকটি (খুলনা মেট্রো ট -১১-০৫৬৭) যশোর পুলিশ লাইনে নিয়ে যাওয়া হয়।”
বুধবার রাতে হাসপাতাল মর্গে নিহত দু’জনের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এরপর রাত ৯টার দিকে লাশ অ্যাম্বুলেন্সে খুলনায় তাদের নিজ নিজ বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ওসি গোলাম রহমান।
তিনি জানান, রাতেই ট্রাক চালক শহিদুলের ভাই আল আমিন বাদী হয়ে অজ্ঞাত আসামি করে থানায় মামলা করেছেন। পুলিশ এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তৎপরতা শুরু করেছে।
এদিকে, এ হত্যাকাণ্ডের প্রতিবাদে সন্ধ্যায় যশোর মতিহার চত্বরে পরিবহন শ্রমিকরা বাস-ট্রাক দিয়ে সড়ক অবরোধ করে। অবরোধের কারণে প্রায় এক ঘন্টা যান চলাচল বন্ধ থাকে।
বাংলাদেশ সময়: ০৫১৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৩
সম্পাদনা: জয়নাল আবেদীন, নিউজরুম এডিটর