![]() |
ঢাকা: এ বছরেই ভারতে প্রথমবারের মতো বাংলাদেশ দলের পূর্ণাঙ্গ সফরের ব্যাপারে আশা প্রকাশ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আ হ ম মোস্তফা কামাল। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোকে এক সাক্ষাৎকারে তিনি বলেন বিসিসিআই সভাপতি সফরের ব্যাপারে তাকে আশ্বস্ত করেছেন।
কুয়ালালামপুরে আইসিসি বৈঠকে বিসিসিআর্ই সভাপতি এন শ্রীনিবাসনের সঙ্গে দেখা হয়েছিলো বিসিবি সভাপতির। আইসিসি বৈঠকের সাইডলাইনে কামাল একান্ত আলোচনায় বসেছিলেন শ্রীনিবাসনের সঙ্গে। সেখানে বিসিসিআই সভাপতি কামালকে চলতি বছরের শেষ দিকে বাংলাদেশ দলের ভারত সফর সম্ভব হতে পারে বলে আশ্বস্থ করেছেন।
‘আমরা জানি ফিউচার ট্যুর প্ল্যানে এ বিষয়ে কিছুই নেই এবং বাংলাদেশ কখনই পূর্ণাঙ্গ সফরে ভারতে যায়নি। সূতরাং ভারতে বাংলাদেশ দলের সফরের বিষয়টি বাস্তবে পরিণত করতে আমরা কাজ করে যাচ্ছি। তবে বিষয়টি আমরা ভারতের ওপরই ছেড়ে দিয়েছি। এ বিষয়ে তাদের জোরাজুরি করতে চাই না।’ ইএসপিএন ক্রিকইনফোকে বলেন কামাল।
যদিও চলতি বছরে ব্যস্তসূচি ভারতীয় দলের। সেপ্টেম্বর থেকে ২০১৩ মার্চ পর্যন্ত দেশের মাটিতে সিরিজ নিয়ে ব্যস্ত থাকতে হবে ধোনিদের। একে একে ভারতে সিরিজ খেলতে আসবে নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। ক্যালেন্ডারে কিছুটা অবসর আছে শুধু ক্রিসমাসে, দিন পনেরোর মতো, ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ও একদিনের সিরিজের মাঝখানে। মুম্বাইয়ে টি-টোয়েন্টি ম্যাচ খেলে ক্রিসমাস উপলক্ষ্যে ২২ ডিসেম্বর দেশে ফিরবে ইংল্যান্ড। পরে ১১ জানুযারি রাজকোটে ওয়ানডে ম্যাচ খেলবে ইংলিশরা।
তবে ওই বিরতির দিকে চোখ রাখছে পাকিস্তানও। গেল মে মাসে শ্রীনিবাসনের সঙ্গে সাক্ষাৎ করে গেছেন পিসিবি সভাপতি জাকা আশরাফও। তিনিও বলেছিলেন, জুনে কুয়ালালামপুরে আইসিসির বার্ষিক সম্মেলনে শ্রীনিবাসনের সঙ্গে পাক-ভারত সিরিজের ব্যাপারে কথা বলবেন যার মাধ্যমে পুনরায় দু’দেশের ক্রিকেটীয় সম্পর্ক গড়ে উঠবে। তবে ওই সময়টুকুতেই বাংলাদেশ দলের ভারত সফরের ব্যাপারে চূড়ান্ত কথা শোনার ব্যাপারে আশাবাদী বিসিবি সভাপতিও।
এদিকে ক্রিসমাস বিরতির ওই সময়টুকুকে কাকে আমন্ত্রণ জানাবে ভারত সেটা নিয়ে চিন্তায় পড়ে গেছেন বিসিসিআই সভাপতি। পাকিস্তান ও বাংলাদেশকে নিয়ে সংক্ষিপ্ত কোনো ত্রিদেশীয় সিরিজ হবে কিনা কামাল এ বিষয়ে বিসিসিআই সভাপতিকে জিজ্ঞেস করতে শ্রীনিবাসন বিসিবি সভাপতিকে আশা জাগানিয়া উত্তরই দিয়েছেন,‘এ বিষয়টি আমার কাছেই ছেড়ে দিন, এটা হবে পূর্ণাঙ্গ সফর।’
বাংলাদেশ সময়: ০১০৫ ঘন্টা, জুন ১২, ২০১২
এএইচবি
সম্পাদনা: সেকান্দার আলী, বিভাগীয় প্রধান স্পোর্টস