![]() |
লন্ডন: আগামী সপ্তাহে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন প্রথম টেস্টের জন্য দল ঘোষণা করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। দলে অন্তর্ভুক্ত হয়েছেন পেসার রবি বোপারা।
১৩ সদস্যের দলে পাঁচজন পেসার রেখেছেন ইংলিশ নির্বাচকরা। তারা হলেন গ্রাহাম ওনিয়ন্স, স্টিভেন ফিন, টিম ব্রেসনান, জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রড।
এ সপ্তাহের শুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-০ তে ওয়ানডে সিরিজ জিতেছে ইংল্যান্ড। সিরিজে দুর্দান্ত পারফরমেন্স করে নির্বাচকদের ডাকের অপেক্ষায় ছিলেন। ব্যাট হাতে ১৮২ রান ও বল হাতে ৪ উইকেট পাওয়ায় তাকে উপেক্ষা করতে পারেননি নির্বাচকরা। যদিও চোটের জন্য এর আগে খেলতে পারেননি শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
এ মুহূর্তে টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছে ইংল্যান্ড। তবে আসন্ন তিন টেস্টের সিরিজের সবকয়টি ম্যাচে দক্ষিণ আফ্রিকা জিতলে ইংল্যান্ডকে টপকে তারা উঠে যাবে এক নম্বরে। ১৯ জুলাই ওভালে সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে উভয় দল।
ইংল্যান্ড স্কোয়াড: অ্যান্ড্রু স্ট্রাউস (অধিনায়ক), আলিস্টার কুক, জোনাথন ট্রট, কেভিন পিটারসেন, ইয়ান বেল, রবি বোপারা, ম্যাট প্রায়র, স্টুয়ার্ট ব্রড, টিম ব্রেসনান, গ্রায়েম সোয়ান, জেমস অ্যান্ডারসন, স্টিভেন ফিন ও গ্রাহাম ওনিয়ন্স।
বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, জুলাই ১৫, ২০১২
সিজি
সম্পাদনা: সেকান্দার আলী, বিভাগীয় প্রধান স্পোর্টস