![]() |
কেউ কি জানতো সেদিন
একদিন বেদনা গ্রাস করতো
নীলভ খণ্ড খণ্ড মেঘ, কথা ছিল
আরণ্যক যন্ত্রণা ভুলে গড়ের মঠকে সাক্ষী মেনে
কপালে তিলক এঁকে দেবে।
স্বপ্নাতুর বিছনায় যখন
ছুঁয়ে ফেলি পদ্ম ফুলের মত ফুটে থাকা হস্তখানি
হিংস্র প্রয়াস জাগে, নাগরিক আড্ডায় ভাঙ্গে
ইচ্ছের সবক’টি পিরামিড, নির্জনতার চিত্রলিপিতে
উঠে আসে বহু দূর হেঁটে ফেরা কোন প্রেমিকের ক্লান্ত অবয়ব।
একদিন অশ্রু ছিল অবিরাম, বৃষ্টি ধারার মত
কথা ছিল সব উষ্ণতার জলাঞ্জলি হবে
সংসারের সবক’টি খিড়কি জুড়ে নামবে
পূর্ণিমার রং।
কেউ কি জানতো সে তিলকে
থাকবে সাইবেরিয়ার জমাট বরফ
সে ইচ্ছার নাগরিক আড্ডায়
প্রেমিকার মরা প্রাণ
সে মায়াবী রং বিবর্ণ
যুদ্ধ বিধ্বস্ত নগরী।
অপেক্ষাকে নতুন করে চেনা
অনুরোধের বৃন্ত থেকে যখন
শতদল ঝরে যায়, সময়ের বুকে
হাতড়ে খোঁজা পেছনের রঙিন রাস্তাগুলো।
অনিয়ম ধারায় ঝরছে মেঘের শ্রাবণ, তখনও—
দাঁড়িয়ে যুবক HSBC ব্যাংকের দরজায়
রেইন কোট পরা ডলফিনের মত
বহু দূর হেঁটে এসে বললে এই পথকে চেনার মত
তোমাকেও চিনলাম আরো একবার—।
হৃদভূমে জন্ম নেবে কি ইচ্ছার বর্ণমালা
কি মমতায় বেঁধে ফেলেছো।
তবে কি আবার মন পাখি খুঁজবে আলো
আলোর শেষে।
একদিন রূপালী বর্ষা ধারা
নামবে তেপান্তরের বিলে, সে লিলুয়া হাওয়ায়
ক্লান্ত ছায়ায় রৌদ্র পোড়া গন্ধ মুছে ফেলে
আবার বুকে টেনে নেবে। বলবে
নীল মাখ প্রিয় দু’হাতে। বিস্বস্ত চোখে
যে ঢেউ জেগে উঠতো গোপনে, সেখানে গভীরে নামো আরো গভীরে।
রাতভোর গল্প হবে, আবার বিষণ্ণতা কাটিয়ে
লেকের ধারে আবৃত্তির আয়োজন জুড়ে
থাকবে নিরূপম প্রার্থনা।
আবার সুরের পাখি ঝরাবে পালক
আমি পড়ব ধারাপাত তুমি খুঁজবে অরণ্য চোখে।
দু’হাতে কুড়াবো রাশি রাশি শিউলি
ঘাস ফুলে ভরা আঁচল ছেড়ে
প্রিয় ঘ্রাণ মেখে নিও, আবার
শারদ সন্ধ্যায় প্রদীপ জ্বলবে
এই নিপবন এই গড়ের মঠকে সাক্ষী মেনে।
কিন্তু মনকে চিনি ভালো করে
সে কোষে জাগবে কি স্পন্দন
দীপালী আলোয় হৃদভূমে জন্ম নেবে কি
ইচ্ছার বর্ণমালা।
হেলান দিয়ে শূন্যতা ঘুমোয়
জীবন-সংসারের মাঝামাঝি দাঁড়িয়ে
তুমিও কি খুঁজে চলেছ
সূর্যাস্তের চুরি যাওয়া আলোতে
জ্যামিতিক সমীকরণ।
প্রিজমের আলোতে রঙিন করা সংসারে
কিভাবে কাটছে তেলে নুনে...।
কিভাবে কাটে তোমার রৌদ্র দুপুর
ঘন বরষার রাত। জানতে ইচ্ছা করে
কতটা বেড়েছে বয়স প্রিয় চুলের
মেঘ ভাঙ্গা রোদ্দুরে কতটা কেড়েছে জৌলুসতা।
গরম কফির সাথে বুঝি প্রাণও মেতে ওঠে
রাজকীয় শরাব আড্ডায় ভালোই
কাটছে তোমার প্রবাস নিকেতন।
ফেলে যাওয়া চিরুনি শখের বালায়
কি খিড়কি, কি ঝুল বারান্দায়
ইজি চেয়ারে হেলান দিয় ঘুমোয় শূন্যতা।
বাংলাদেশ সময় ২১০৫, জুন ৫, ২০১২