![]() |
রাঙামাটি: রাঙামাটি সরকারি কলেজে পাহাড়ি-বাঙালি ছাত্রদের সংঘর্ষের জের ধরে রাঙামাটি শহরে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।
সংঘর্ষের পর রাঙামাটি কলেজে ছাত্রদল-ছাত্রলীগ যৌথভাবে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে।
এদিকে, এ সংঘর্ষে ৩৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এবিষয়ে ছাত্রদলের কলেজ শাখা সভাপতি হেলাল উদ্দিন বাংলানিউজকে জানান, পাহাড়ি ছাত্ররা বাঙালি ছাত্রকে মারধরের প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে এ ছাত্র ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এ ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত এ ধর্মঘট চলবে।
তবে ছাত্রলীগ-ছাত্রদলের দাবিকে অসত্য দাবি করে পাহাড়ি ছাত্র পরিষদ রাঙামাটি সরকারি কলেজ শাখার সভাপতি রনো চাকমা বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার ক্লাস শেষে ফিরে যাওয়ার সময় বাসে সিটে বসা নিয়ে ছাত্রলীগের কয়েক কর্মীর সঙ্গে আদিবাসী ছাত্রদের কথা কাটাকাটি হয়।
এরই জের ধরে শনিবার সকালে ছাত্রলীগের কর্মীরা আদিবাসী ছাত্রছাত্রীদের ওপর অতর্কিতে হামলা চালায়। এতে আদিবাসী ছাত্রীসহ অন্তত ৩৫ জন আহত হয়। এদের মধ্যে ১২ জনকে রাঙামাটি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর পর পরই শহরে পাহাড়ি-বাঙালি সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
এদিকে, ১৪৪ ধারা জারির পর রাঙামাটি শহরে পাহাড়ি এবং বাঙালিরা তাদের স্ব স্ব এলাকায় অবস্থান নিয়েছেন।
জানা গেছে, শহরের বনরূপা, রিজার্ভ বাজার, তবলছড়িতে এলাকায় বাঙালিরা অবস্থান নিয়েছেন। অন্যদিকে, রাজবাড়ি, কলেজগেট, ভেদভেদি এলাকায় পাহাড়িরা অবস্থান নিয়েছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা সতর্ক অবস্থায় রয়েছে।
তুচ্ছ ঘটনায় রাঙামাটি সরকারি কলেজে পাহাড়ি-বাঙালি ছাত্র সংঘর্ষ: আহত ৩৫
বাংলাদেশ সময়: ২৩০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১২
সম্পাদনা: শামীম হোসেন, নিউজরুম এডিটর, আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর