![]() |
ঢাকা: রহমতের মাস রমজানের মধ্যেই দেশের অস্থিরতা কেটে যাবে বলে আশা করছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার সন্ধ্যায় জি-৯ আয়োজিত ইফতার মাহফিলে যোগ দিয়ে তিনি এ আশা ব্যক্ত করেন। ওই ইফতারে দেশের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ফখরুল বলেন, “দেশ একটা কঠিন সময় পার করছে। এই কঠিন সময় ও অস্থিরতা থেকে মানুষ এখন মুক্তি পেতে চায়।”
তাই তিনি ইফতার মাহফিলে উপস্থিত সবাইকে দেশ রক্ষার জন্য আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করার আহবান জানান।
এ কঠিন সময় সৃষ্টির জন্য যারা দায়ী তাদেরকেও হেদায়েত করতে আল্লাহর প্রতি করুণা চান তিনি।
বিশিষ্ট সাংবাদিক শফিক রেহমানের ইস্কাটনের বাসায় এ ইফতার মাহফিলে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গনি, এম কে আনোয়ার, প্রফেসর ড. মনিরুজ্জামান মিয়া, প্রফেসর আবু আহম্মেদ, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা অধ্যাপক আব্দুল মান্নান, শামসুজ্জামান দুদু, এনাম আহম্মেদ চৌধুরী ও জি -৯ এর সভাপতি সাইফুল ইসলামসহ শতাধিক বিশিষ্ট বাক্তি অংশ নেন।
বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, জুলাই ২৭, ২০১২
এমএম/ জেডএম