![]() |
তুমুল জনপ্রিয় প্রবীণ অভিনেতা এটিএম শামসুজ্জামান একসময় নিয়মিত চলচ্চিত্রের চিত্রনাট্য রচনা করেছেন। চলচ্চিত্র থেকে নিজেকে এখন অনেকটাই গুটিয়ে নিয়েছেন। টিভিনাটকে অভিনয় নিয়ে কাটাচ্ছেন ব্যস্ত সময়। পাশাপাশি আত্মপ্রকাশ করেছেন নাট্যকার হিসেবে।
আসছে ঈদ সামনে রেখে একুশে টিভির জন্য সম্প্রতি তিনি রচনা করেছেন হাস্যরসের গল্প নিয়ে নাটক ‘কুত্তা চোর’। ঈদ উৎসবের আনন্দে দর্শকদের মনে হাসির খোড়াক জোগাতে এটিএম শামসুজ্জামান এবার হাজির হচ্ছেন হাসির এ ব্যতিক্রমী নাটক নিয়ে। একুশে টিভির নিজস্ব প্রযোজনায় এ নাটকটি পরিচালনা করেছেন দীপু হাজরা।
‘কুত্তা চোর’ নাটকটির শুটিং হবে আগমী ২ থেকে ৩ জুলাই পূবাইল এবং ঢাকার বিভিন্ন লোকেশনে। নাটকের কেন্দ্রীয় চরিত্র তোতা মিয়ার ভূমিকায় অভিনয় করেছেন এ টি এম শামসুজ্জামন নিজেই। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘নাটকটির গল্প থেকে দর্শক আশাকরি নতুন কিছু পাবেন যা কিনা আমাদের খুবই চিরচেনা দৃশ্য অথচ কেউই তা বলে না। দীপু হাজরার সাথে এর আগেও ‘ইলু ইলু’, ‘ফাঁক’ ও ‘ভোঁদাই’ নাটকে কাজ করেছি। তার কাজের উপর আমার ভরসা আছে।’
নাটকটিতে দেখা যাবে, তোতা মিয়ার একটি পোষা পশু-পাখি বিক্রির দোকান আছে। এতে বিদেশী কুকুর বেশি বিক্রি হয়্। তোতা মিয়াকে প্রায়ই দেখা যায়, দোকান বন্ধ রেখে অভিজাত এলাকায় ঘুরাফেরা করতে। বিশেষ করে যেসব বাড়িতে বিদেশী কুকুর আছে, সেগুলোর প্রতিই তার নজর। একসময় সন্দেহজনক আচরণের জন্য সে পুলিশের হাতে ধরা পড়ে। পুলিশের কাছে সে স্বীকার করে, অভিজাত এলাকার বিভিন্ন বাড়ি থেকে কুকুর চুরি করে এনে দোকানে বিক্রি করাই তার পেশা। সেই অর্থ দিয়েই বস্তিতে থাকা বিধাবা মেয়ে ও নাতির ভরণ পোষন চালান ।
‘কুত্তা চোর’ নাটকটিতে এ টি এম শামসুজ্জামান ছাড়াও আরো অভিনয় করেছেন গোলম ফরিদা ছন্দা, সামি, ম. আ. গালাম, মিন্টু প্রমুখ।
বাংলাদেশ সময় ১৫৫০, জুন ২৫, ২০১২
সম্পাদনা : বিপুল হাসান, বিভাগীয় সম্পাদক