![]() |
মাদ্রিদ: ব্রাজিল জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন বার্সেলোনার সাবেক কোচ পেপ গার্দিওলা। সংবাদমাধ্যমের এমন প্রতিবেদন উড়িয়ে দিয়েছেন গার্দিওলার প্রতিনিধি জোসেপ মারিয়া ওরোবিত।
নেইমারদের প্রধান কোচ হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করছেন মানো মেনেজেস। ২০১০ সালের বিশ্বকাপের পর সরে দাঁড়ান দুঙ্গা। এরপর ব্রাজিলের কোচ হিসেবে দায়িত্ব নেন মেনেজেস। পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নদের কোচ হওয়ার বিষয়ে এজেন্ট ওরোবিত বলেন, ‘ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)’র সঙ্গে এই ব্যাপারে কোনো ধরনের আলোচনা হয়নি।’
বার্সা থেকে দায়িত্ব ছাড়ার পর গার্দিওলা ঘোষণা দিয়েছিলেন বিশ্রামে থাকবেন তিনি। বিষয়টি আবারও স্মরণ করিয়ে দিলেন এজেন্ট ওরোবিত। তার এজেন্টের মতে, গার্দিওলা আমাকে বলেছেন ফুটবল থেকে দূরে থাকতে চান তিনি। তাই কারো সঙ্গে কোনো ধরনের আলোচনা না করার পরামর্শ দিয়েছেন আমাকে।
পরিবার-পরিজন নিয়ে নিউইয়র্কে দারুণ সময় পার করছেন বার্সার সাবেক সফল কোচ গার্দিওলা। তবে রাশিয়ার জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার জন্য আবেদন করেছিলেন গার্দিওলা। যদিও রুশরা কোচ হিসেবে বেছে নেয় ইংল্যান্ডের সাবেক ম্যানেজার ফ্যাবিও কাপেলোকে।
বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১২
সিজি