![]() |
চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন চৌধুরীর তার বিরোধীদের মান ভাঙানোর মিশন অব্যাহত রেখেছেন।
সাংসদ নুরুল ইসলাম বিএসসি’র পর শুক্রবার রাতে তিনি গেলেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফসারুল আমিনের বাসায়।
শুক্রবার রাত সোয়া ৮টার দিকে মহিউদ্দিন চৌধুরীকে মন্ত্রী আফসারুল আমিন অভ্যর্থনা জানিয়ে বাসার দ্বিতীয় তলায় ড্রইং রুমে নিয়ে যান। ওখানে তারা দু’জন প্রায় একঘণ্টা বৈঠক করেন।
বৈঠকে তাদের দু’জনের মধ্যে রাজনৈতিক বিভিন্ন বিষয়ে কথা হয়েছে। বিশেষ করে আগামী ১৫ আগস্টের কর্মসূচি ঐক্যবদ্ধভাবে পালন করার বিষয়ে আলোচনা হয়েছে।
বৈঠক শেষে রাজনৈতিক গুরুর এ আগমনকে স্বাভাবিক বলে দাবি করেছেন মন্ত্রী আফসারুল আমিন।
মহিউদ্দিন চৌধুরী বাংলানিউজকে জানান, বিরোধ মেটাতে নয় বরং ১৫ আগস্টের শোক দিবসের কর্মসূচি ঐক্যবদ্ধভাবে পালন করার জন্যই সেখানে যাওয়া।
একঘণ্টার রুদ্ধদ্বার বৈঠকে কি বিষয় নিয়ে কথা হয়েছে জানাতে মহিউদ্দিন চৌধুরী অস্বীকৃতি জানালেও গণশিক্ষামন্ত্রী জানান, দীর্ঘ এ বৈঠকে রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
তিনি বলেন, “বিরোধী দল বর্তমানে গগণচুম্বি বক্তব্য দিচ্ছে। তাতে মনে হচ্ছে তারা যুদ্ধাপরাধী, ২১ অগাস্ট, ১০ অস্ত্র মামলার আসামিদের বাঁচাতে চায়। তাদের মোকাবেলায় আওয়ামী লীগের শক্তিশালী অবস্থান প্রমাণ করতে ১৫ আগস্টকে কেন্দ্র করে ঐক্য বদ্ধ হওয়ার চেষ্টা চলছে। তাদের রাজনৈতিক মোকাবেলায় ঐক্যবদ্ধ হওয়ার হওয়ার বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে।”
তিনি আরও বলেন, “এ ঐক্যবদ্ধ আগামী দিনের প্রগতিশীল রাজনীতির ধারায় অবদান রাখবে।”
মন্ত্রী বলেন, “আগামী ৬ মাস দেশের রাজনৈতিক পরিস্থিতি স্বাভাকি থাকলে যুদ্ধাপরাধ, ১০ ট্রাক অস্ত্র মামলা ও ২১ অগাস্টসহ অনেক গুলো মামলার রায় হবে। এতে বিরোধী দল ও প্রতিক্রিয়াশীল রাজনীতির সাংগঠনিক কাঠামো ভেঙে পড়বে। তাই ১৫ আগস্টকে কেন্দ্র করে ঐক্যবদ্ধ হওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।”
মহিউদ্দিন চৌধুরীর আগমণের প্রতিক্রিয়ায় তিনি বলেন, “তিনি উদার মনোভাব নিয়ে এসেছেন। কথায়ও উদার মনোভাব ছিল।”
১৫ আগস্টের পর থেকে সবাইকে এক মঞ্চে দেখা যাবে কিনা জানতে চাইলে মন্ত্রী বলেন, “সাংগঠনিক গঠনতান্ত্রিক পরিবেশ থাকলে এ ধারা অব্যাহত থাকবে।”
বিরোধের বিষয়ে তিনি বলেন, “আমাদের ব্যক্তিগত কোনো বিরোধ ছিল না। রাজনৈতিক ও সাংগঠনিক কিছু সিদ্ধান্তের কারণে কিছুটা দুরত্ব সৃষ্টি হয়েছে। আর রাজনৈতিক কারণেই তিনি এখানে এসেছেন।”
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কমিটি নিয়ে কোনো কথা হয়েছে কিনা জানতে চাইলে ডা.আফসারুল আমিন বাংলানিউজকে জানান, কমিটি গঠনের কোনো কথা হয়নি। কমিটি গঠনের দায়িত্ব দলের সভানেত্রী নিয়েছেন। তিনিই কমিটি করবেন।
বাংলাদেশ সময়: ০১০২ ঘণ্টা, আগস্ট ১১, ২০১২
এমইউ/সম্পাদনা: শাফিক নেওয়াজ সোহান, নিউজরুম এডিটর/এমএমকে