![]() |
মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিরা ঈদ-উল ফিতর উদযাপন করেছেন সোমবার। সকাল ৯টায় কুয়ালালামপুরের বাংলা মার্কেটের ঈদগাহ ময়দানে শত শত বাংলাদেশির অংশগ্রহণে বৃহত্তম ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
ঈদের জামাতে নামাজ পড়তে মালয়েশিয়ার বিভিন্ন প্রদেশ থেকে বাংলাদেশিরা ছুটে আসেন এখানে। প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বাংলা মার্কেটে বাংলাদেশি সুরা ও বায়তুল মামুর মাদ্রাসা কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে।
মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের অনেকেই ৬পি প্রোগ্রামের মাধ্যমে পারমিট হাতে পাওয়ায় এবারের ঈদ আনন্দ আরো বেড়ে গিয়েছিল। সবার চোখে-মুখে হাসির ঝিলিক বিরাজ করছিল।
হাফেজ মাওলানা আবু তাহেরের ইমামতিতে নামাজ শেষে বিশেষ মোনাজাতে অংশ নেন ধর্মপ্রাণ মুসল্লিরা। পরে প্রবাস জীবনের ঈদের আনন্দ একে অপরের সঙ্গে কোলাকুলি করে ভাগ করে নেন। সব শেষে ঈদের জামাতে আসা বাঙালিদের মাঝে বাংলাদেশি খাবার পরিবেশন করে মার্চেন্ডড ব্যাংক।
মালয়েশিয়া বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি রাশেদ বাদল জানান, এবারের ঈদ প্রবাসীদের অনেকের জন্য সুখময় বার্তা বয়ে এনেছে। সবেমাত্র ৬পি প্রোগ্রামের আওতায় সবাই পারমিট পাওয়া শুরু করেছেন। প্রবাসীরা স্বাধীনভাবে অবাধে চলাফেরা করছেন। তাই এবারের ঈদ বিগত বছরের চেয়ে সফল বলে আমি মনে করি।’’
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার সাইদুর রহমান বলেন, এবারের ঈদ অত্যন্ত আনন্দের ঈদ। ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক এস এম নিপু উপস্থিত মুসুল্লিদের ঈদ শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘‘সকলের পারমিট থাকায় পাড়া-প্রতিবেশী অনেককে দেখতে পেয়েছি।’’
ঈদ জামাতে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের মকবুল হোসেন মুকুল, মাহতাব খন্দকার, কামাল হোসেন, আঃ করিম, কাইয়ুম, শাখাওয়াত হোসেন জোসেফ, নুর মোহাম্মদ ভূঁইয়া, কামাল চৌধুরী, বিএনপির মাহবুল আলম শাহ, মোঃ সালাউদ্দিন, মোঃ এনায়েত হোসেন, ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক বাহার, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মামুনুর রশিদ, অর্থ বিষয়ক সম্পাদক হাজী আলী ও উপদেষ্টা হাজী কবির, সিরাজুল ইসলাম সুজন, সাপ্তাহিক বাংলার কথার পৃষ্ঠপোষক মোঃ আবাদ, সম্পাদক কায়সার হামিদ হান্নান, নির্বাহী সম্পাদক এস কে ফয়েজ ও সাংবাদিক আমিনুল।
বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, আগস্ট ২০, ২০১২
সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর