English
সব খবর      অর্থনীতি     আন্তর্জাতিক     ইচ্ছেঘুড়ি     কপ-১৭     খেলা     জাতীয়     জীববৈচিত্র্য     তথ্যপ্রযুক্তি     পিআইডি পরিক্রমা     প্রবাসের চিঠি     ফিচার     বাংলানিউজ স্পেশাল     বাংলানিউজএক্সক্লুসিভ     বিদ্যুৎ ও জ্বালানি     বিনোদন     মনোকথা     মুক্তমত     রাজনীতি     শিল্প-সাহিত্য     সত‌্যি বিচিত্র!     স্বপ্নযাত্রা     স্বাস্থ্য     

সারিকা ঈদ করবেন দুবাইয়ে


বিনোদন প্রতিবেদক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
সারিকা ঈদ করবেন দুবাইয়ে

এই সময়ের তুমুল জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সারিকা। ঈদকে সামনে রেখে ভীষণ ব্যস্ততার মধ্যে এখন কাটছে তার সময়। এবার ঈদে দুই ডজনেরও বেশি নাটক ও টেলিফিল্মে তিনি অভিনয় করছেন। নাটকে দিয়ে দর্শকের মন রাঙালেও ঈদে তিনি দেশের বাইরে দুবাইয়ে থাকবেন।

ঈদের প্রায় দুমাস আগে থেকেই চ্যানেলগুলোর জন্য পড়ে যায় নাটক নির্মাণের ধুম। তারকা অভিনেতা-অভিনেত্রীরা শুটিং নিয়ে এতোই ব্যস্ত হয়ে পড়েন যে, দম ফেলবার ফুরসতই পান না। ছোটপর্দার গ্ল্যামার গার্ল সারিকাও গত দু’মাস ধরে একটানা নাটকের শুটিং করে যাচ্ছেন। ছুটির দিনেও শুটিংয়ে ব্যস্ত তিনি।

রোজার শেষ সপ্তাহে বিশ্রাম পাবেন। কিন্তু পরিবারের সঙ্গে ঈদের ছুটি কাটানোর সুযোগ পাচ্ছেন না সারিকা। কারণ ঈদের দুদিন আগেই তাকে উড়াল দিতে হবে দুবাই। সেখানকার প্রবাসী বাঙালিদের আয়োজনে কয়েকটি অনুষ্ঠানে তিনি পারফর্ম করবেন। ঈদের আনন্দ ভাগাভাগি করবেন প্রবাসীদের সঙ্গে।

এবারের ঈদে দুই ডজনের বেশি নাটকে অভিনয় প্রসঙ্গে বাংলানিউজকে সারিকা বলেন, “ধারাবাহিক নাটকে কাজ করতে হয় করপোরেট অফিসের মতো। বছর জুড়েই থাকে ধারাবাহিকের কাজ। কোথাও বেড়াতে গেলে আগে থেকে বলে রাখাসহ নানা ঝামেলা পোহাতে হয়। নানারকম বাইন্ডিংসের মধ্যে থাকতে হয়। তবে একক নাটকের ক্ষেত্রে এই ঝামেলাটা নেই। দুই থেকে তিন দিন কাজ করলেই একটি একক নাটকের শুটিং শেষ। একক নাটকের কাজ আমি তাই বেশি উপভোগ করি। ধারাবাহিকের চেয়ে একক নাটক আমার কাছে সবসময় তাই প্রাধান্য পায় বেশি।”

এবারের ঈদে কোন কোন নাটকে কী কী চরিত্রে অভিনয় করছেন সারিকা? “আসলে ঈদের দু’মাস আগে থেকে টানা শুটিংয়ে অংশ নিতে হচ্ছে। তাই সব নাটকের নাম আর আমার করা চরিত্র মনে করে বলা মুশকিল। ঈদ উপলক্ষে এবার ৩০টির মতো নাটকে অভিনয় করছি। এর মধ্যে বোধহয় ২৫টি নাটক ঈদে বিভিন্ন চ্যানেলে প্রচার হবে।”

ঈদের নাটক নিয়ে গত দুই মাসের ব্যস্ততার কথা জানিয়ে সারিকা বললেন, “মে মাসের প্রথম সপ্তাহ থেকে ঈদের নাটকের কাজ শুরু করেছি। এরই মধ্যে ২০টি নাটকের কাজ পুরোপুরি শেষ হয়েছে। বাকি নাটকগুলোর কাজ এখন চলছে। শেষ করা ২০টি নাটকের মধ্যে জাহিদ হাসানের পরিচালনায় একটি ধারাবাহিক নাটকও রয়েছে। সাত পর্বের এ নাটকটির নাম ‘শুভ বিবাহ’। কাজ করেছি এসএ হক অলিক, নরেশ ভূইয়া, নূরুল আলম আতিক, সকাল আহমেদ, সাজ্জাদ হোসেন, শহীদুর রহমান প্রমুখ নির্মাতার নাটকে।”

সারিকা অভিনীত আসছে ঈদের নাটকের মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য চরিত্রের কথা জানতে চাইলে তিনি জানালেন, “এত সব নাটকের মধ্যে সবচেয়ে চ্যালেঞ্জিং মনে হয়েছে আজাদ আবুল কালামের নাম ঠিক না হওয়া একটি নাটকের চরিত্র। যেখানে তিনি একজন সুইপারের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন।”

এ প্রসঙ্গে সারিকা বললেন, “আধুনিক বা মধ্যবিত্ত পরিবারের সদস্য হিসেবে নিজেকে উপস্থাপন করা যত সহজ ততোই কঠিন মনে হয়েছে আমার কাছে সুইপারের স্ত্রীর চরিত্রে অভিনয় করাটা। কাজটা কঠিন হলেও খুব উপভোগ করেছি আমি। এছাড়াও নুরুল আলম আতিক পরিচালিত একটি নাটকে কাজ করেও আনন্দ পেয়েছি। এ নাটকে মধ্যবয়সী অগোছালো স্বামীকে পাল্টে দেওয়া স্ত্রী চরিত্রে আমাকে দেখা যাবে।”

আতিকের পরিচালিত নাটকটির নাম ‘সাহেব হলেন নূরুল’। নাটকের গল্পে দেখা যাবে, অফিসের সবচেয়ে কর্মঠ ও সহজ-সরল মানুষ নূরুল। সবাই তার পকেট কেটে খায়। কিন্তু নূরুল কিছু মনে করে না। মধ্যবয়সী এ মানুষটি বিয়ের পর হঠাৎ বদলে যেতে শুরু করেন। অফিসের সবাই বলাবলি করে বিয়ের পর নূরুল হয়ে গেলেন সাহেব।”

দুবাই প্রবাসীদের আমন্ত্রণে একটি অনুষ্ঠানে যোগ দিতে ঈদের দুই দিন আগেই তিনি চলে যাবেন। “পরিবার আর বন্ধুদের ছাড়া দুবাইতে এবারের ঈদ কাটাতে হবে। দেশের বাইরে প্রবাসী বন্ধুদের সঙ্গে ঈদ করাটা হবে আমার নতুন অভিজ্ঞতা।”

বাংলাদেশ সময় ১৭৫০, আগস্ট ০৭, ২০১২
সম্পাদনা : বিপুল হাসান, বিভাগীয় সম্পাদক/আরআর

আগের পৃষ্ঠা
যোগাযোগ: বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com
বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত
একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান