ঢাকা: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ঘনিষ্ঠ বন্ধু ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনের একটি চাঁদাবাজির মামলায় জামিনের আবেদন নাকচ করে দিয়েছে মহানগর দায়রা আদালত।
বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ মো. জহুরুল হক জামিনের এ আবেদন নাকচ করেছেন।
২০০৭ সালের ২৭ মে ১ কোটি ৩২ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে ঠিকাদার খান মো. আফতার উদ্দিনের দায়ের করা ওই মামলায় কোয়াশমেন্ট আবেদন করে হাইকোর্ট থেকে জামিন পান মামুন।
কিন্তু ২০১১ সালের ২১ জুলাই হাইকোর্ট কোয়াশমেন্ট আবেদন খারিজ করায় তার জামিন বাতিল হয়ে যায়। এরপর গত ১৪ ফেব্রুয়ারি সিএমএম আদালতে এ মামলায় ফের জামিনের প্রার্থনা করা হলে তা নামঞ্জুর হয়।
২০০৭ সালের ৩০ জানুয়ারি যৌথ বাহিনীর হাতে গ্রেপ্তার হন মামুন। এরপর তার বিরুদ্ধে চাঁদাবাজি, দুর্নীতি, অর্থপাচার, করফাঁকিসহ বিভিন্ন অভিযোগে ২০টিরও বেশি মামলা হয়। কয়েকটি মামলায় জামিন নামঞ্জুর হওয়ায় তিনি এখনো কারাবন্দি রয়েছেন।
বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, জুন ২১, ২০১২
সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর