English
সব খবর      অর্থনীতি     আন্তর্জাতিক     ইচ্ছেঘুড়ি     কপ-১৭     খেলা     জাতীয়     জীববৈচিত্র্য     তথ্যপ্রযুক্তি     পিআইডি পরিক্রমা     প্রবাসের চিঠি     ফিচার     বাংলানিউজ স্পেশাল     বাংলানিউজএক্সক্লুসিভ     বিদ্যুৎ ও জ্বালানি     বিনোদন     মনোকথা     মুক্তমত     রাজনীতি     শিল্প-সাহিত্য     সত‌্যি বিচিত্র!     স্বপ্নযাত্রা     স্বাস্থ্য     

১৮ জুলাই নতুন মুদ্রানীতি

আবার সংযত মুদ্রানীতির পক্ষে কেন্দ্রীয় ব্যাংক


সাইদ আরমান, সিনিয়র ইকোনমিক করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আবার সংযত মুদ্রানীতির পক্ষে কেন্দ্রীয় ব্যাংক

ঢাকা: চলতি অর্থবছরের প্রথম ৬ মাসের (জুলাই-ডিসেম্বর) জন্য মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। আগামী ১৮ জুলাই বেলা ১১টায় বাংলাদেশ ব্যাংক গভর্নর ড. আতিউর রহমান আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে ২০১২-১৩ অর্থবছরের প্রথম মুদ্রানীতি ঘোষণা করবেন।

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে গত মুদ্রানীতির (জানুয়ারি-জুন) ধারাবাহিকতায় আবারও সংযত মুদ্রানীতি দেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো বাংলানিউজকে জানিয়েছে।
 
সূত্র মতে, মুদ্রানীতি চূড়ান্ত করতে এরইমধ্যে রেওয়াজ অনুযায়ী বৈঠক শুরু করেছে কেন্দ্রীয় ব্যাংক। মঙ্গলবার আরেক দফা বৈঠক হচ্ছে।

এর আগে গত শনিবার প্রথম বৈঠক হয়। আগামী বৃহস্পতিবার আরেক দফা বৈঠক হওয়ার কথা রয়েছে।

গভর্নরের সভাপতিত্বে এসব বৈঠকে দেশের প্রথিতযশা অর্থনীতিবিদ, ব্যবসায়ী, বিশ্ববিদ্যালয় শিক্ষক, আমলা, সাংবাদিকসহ সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।  

এদিকে সূত্র বলছে, ২০১২-১৩ অর্থবছরের জন্য বাজেটে ঘোষিত ৭ দশমিক ২ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জন ও মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনতে তার সঙ্গে সমন্বয় করে মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছে সরকার।

তবে সরকারের ঋণপ্রবাহ অটুট রাখার পাশাপাশি বেসরকারি খাতে ঋণ প্রবাহ বাড়ানোর উদ্যোগ থাকবে। তবে এক্ষেত্রে উৎপাদনশীল খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে।

জানা গেছে, মুদ্রানীতি চূড়ান্ত করতে ড. আতিউর রহমানের সভাপতিত্বে বৈঠক করেছে কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতনরা।

বৈঠক সূত্রে জানা গেছে, এবারের মুদ্রানীতিও সংকোচনমূলকই থাকবে। তবে কয়েকটি ক্ষেত্রে কিছু পরিবর্তন আনা হচ্ছে।

কেন্দ্রীয় ব্যাংকের পক্ষে মুদ্রানীতির মাধ্যমে সরকার নির্ধারিত লক্ষ্যমাত্রার আলোকে মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশে সীমিত রাখার চেষ্টা করা হবে।

একইসঙ্গে জিডিপি প্রবৃদ্ধিও ৭ শতাংশে উন্নীত করা হবে। এ দুয়ের মধ্যে সামঞ্জস্য করতে কিছু সরকারি ও বেসরকারি খাতের উদ্যোক্তাদের কিছু বিষয়ে ছাড় দিতে হবে। মূল্যস্ফীতি লাগাম টানতে অভ্যন্তরীণ যোগান আরও বাড়িয়ে পণ্যের সরবরাহ নিশ্চিত করতে পদক্ষেপ গ্রহণ করা হবে।

এদিকে, সর্বশেষ ২০১১-১২ অর্থবছরের জুলাই-ডিসেম্বরের মুদ্রানীতিতে মূল্যস্ফীতি এক অংকের ঘরে নামিয়ে আনার কথা বলা হয়েছিল। আর সরকারের অভ্যন্তরীণ ঋণ প্রবৃদ্ধি ৩১ শতাংশ এবং বেসরকারি খাতে ১৬ শতাংশ ধরা হয়েছিল।

তবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্যমতে, অর্থবছর শেষে ১২ মাসের গড় মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ১০ দশমিক ৬২ শতাংশ। যদিও পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে (মাসওয়ারি) জুন মাসে মূল্যস্ফীতি হার ৮ দশমিক ৫৬ শতাংশ।

তবে কেন্দ্রীয় ব্যাংকের সংযত মুদ্রানীতি এবং সরকারের ব্যাংক ঋণ বেড়ে যাওয়াতে বিগত ৬ মাস ধরে ব্যবসায়ী মহল ঋণ পাচ্ছে না বলে অভিযোগ করে আসছিলেন।

অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত গত ৭ জুন জাতীয় সংসদে নতুন অর্থবছরের বাজেট উপস্থাপনের পর থেকে অর্থনীতিবিদরা বলে আসছেন, সংযত মুদ্রানীতি দিয়ে ৭ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি অর্জন সম্ভব হবে না। কারণ এর জন্য যে পরিমাণ বিনিয়োগ দরকার তা এমন মুদ্রানীতি থেকে আসবে না।

তাই অনেক অর্থনীতিবিদ বাজেট এবং মুদ্রানীতিকে সাংঘর্ষিক উল্লেখ করেন। এর মধ্য দিয়েই ২৭ জুন জাতীয় সংসদে পাস হয় ২০১২-১৩ অর্থবছরের বাজেট।

বেসরকারি গবেষণা সংস্থা, সেন্টার ফর পলিসি ডায়ালগ তাদের বাজেট প্রতিক্রিয়ায় বলে, সরকারের বাজেট নীতি এবং কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রানীতিতে কোনো সম্বনয় নেই।

তবে অর্থমন্ত্রী অবশ্য বলেন, ‘৭ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করতে বিনিয়োগ বাড়াতে হবে না। যে পরিমাণ বিনিয়োগ আছে তা দিয়েই এই প্রবৃদ্ধি অর্জন সম্ভব হবে।’

বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, জুলাই ১০, ২০১২
সম্পাদনা: কাজল কেয়া, নিউজরুম এডিটর; নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

আগের পৃষ্ঠা
যোগাযোগ: বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com
বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত
একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান