![]() |
ঢাকা: আফগানিস্তানের বিদ্রোহী তালেবানদের সর্বোচ্চ নেতা মোল্লা ওমর পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আফগানবাসীকে শুভেচ্ছা জানিয়ে একটি বার্তা প্রেরণ করেছেন। বার্তায় একই সঙ্গে তিনি আফগানিস্তানে মোতায়েন ন্যাটো বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে বিজয়ও দাবি করেন।
ঈদুল ফিতর উপলক্ষে দেওয়া মোল্লা ওমরের এ বার্তা তালেবানদের একটি ওয়েবসাইটে শুক্রবার প্রথম প্রকাশিত হয়। এক চোখ বিশিষ্ট তালেবানদের এই সর্বোচ্চ রাজনৈতিক ও ধর্মীয় নেতা পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে লুকিয়ে আছেন বলে ধারণা করা হয়। ২০১১ সালে আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন বহুজাতিক বাহিনীর তালেবান বিরোধী অভিযান শুরুর পর থেকেই তিনি লোকচক্ষুর অন্তরালে আত্মগোপন করেন।
সাত পাতার এ বার্তায় তিনি চলতি গ্রীষ্মে আফগানিস্তানের লড়াইয়ে তালেবানদের সাফল্য দাবি করে বলেন, “চলতি বছর তালেবানরা সমগ্র আফগানিস্তানে লড়াই ছড়িয়ে দিতে সক্ষম হয়েছে।”
তালেবানদের আক্রমণের মুখে বাধ্য হয়ে ন্যাটো ও আফগান সরকারি নিরাপত্তা বাহিনী আত্মরক্ষামূলক অবস্থানে যেতে বাধ্য হয়েছে বলেও বার্তায় দাবি করেন তিনি। একই সঙ্গে আফগান সরকারি সেনাদের হাতে ন্যাটো বাহিনীর সদস্যদের হতাহত হওয়ার ঘটনা বৃদ্ধি পাওয়ার ঘটনা উল্লেখ করে তিনি বলেন, “আফগান নিরাপত্তা বাহিনীতে তালেবান অনুপ্রবেশের ফলেই এ ঘটনা ঘটছে।”
বর্তমানে আফগানিস্তানে ন্যাটো নেতৃত্বাধীন বাহিনীর ১ লাখ ৩০ হাজার বিদেশী সেনা মোতায়েন আছে। তবে মোল্লা ওমরের দাবিকে প্রত্যাখ্যান করে তারা দাবি করছে, সাংস্কৃতিক বোঝাপড়ার অভাবেই এ সব ঘটনা সংঘটিত হচ্ছে। এর পেছনে তালেবানদের সংশ্লিষ্টতার দাবিকে উড়িয়ে দিয়েছে তারা। উল্লেখ্য, চলতি বছর এ রকম ঘটনায় ইতিমধ্যেই ৩৭ বিদেশী সেনা আফগান নিরাপত্তা সদস্যদের হাতে নিহত হয়।
ওমর তার বার্তায় বলেন,“ খুব অল্প সময়ের মধ্যেই তালেবানরা বিদেশীদের তাড়িয়ে দেওয়ার ব্যাপারে বিভিন্ন আফগান পক্ষের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে সক্ষম হবে।”
আফগানিস্তানের পশ্চিমা সমর্থিত প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সঙ্গে আলোচনার যেকোনো সম্ভাবনাকেও প্রত্যাখ্যান করেছেন তিনি।
দক্ষিণ আফগানিস্তানে ন্যাটোর একটি ব্লাকহক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সাত মার্কিন সেনা নিহত হওয়ার একদিন পরই এ বিবৃতি প্রকাশিত হলো। তালেবান যোদ্ধারা ওই হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিজেদের কৃতিত্ব দাবি করেছে।
তালেবান মুখপাত্র ক্বারি ইউসুফ আহমেদিয়া জানান, কান্দাহারের শাহ ওয়ালি কোত জেলায় তালেবান যোদ্ধারা ন্যাটো বাহিনীর ওই হেলিকপ্টারটিকে গুলি করে ভূপাতিত করে।
বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১২
সম্পাদনা:রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর