![]() |
ঢাকা: ১২:১২:১২। দুঃখজনক হলেও সত্য, জীবদ্দশায় হয়তো আর কখনো এমন কোনো সংখ্যা দেখতে পাবেন না আপনি। দেখবেনই বা কিভাবে, ক্যালেন্ডারের পাতায় তো ১৩তম মাস বলতে কিছু নেই! তাই, অবধারিতভাবেই শতাব্দীর শেষ ‘ট্রিপল রিপিট ডেট’ পার করতে যাচ্ছি আমরা। তারিখের এমন অদ্ভুত পুনরাবৃত্তি আবার হবে ২১০১ সালের জানুয়ারি মাসের ১ তারিখে। তা ১২.১২.১২ কে ডাকা হচ্ছে ‘শতাব্দীর দিন’ বা সেঞ্চুরি অব দ্য ডে হিসেবে।
সাধারণত বিভিন্ন আকর্ষণীয় তারিখ নিয়ে প্রেমিক-প্রেমিকা, সন্তান প্রত্যাশীদের আগ্রহের শেষ থাকে না। যেমন- ১০/১০/১০, ১০/১১/১২ ইত্যাদি। কিন্তু ২০১২ সালের ১২ ডিসেম্বর অন্য সবকিছু ছাড়িয়ে স্থান করে নিয়েছে বহু প্রতীক্ষিত ও আতঙ্কিত এক তারিখ হিসেবে। একদিকে ‘মহাপ্রলয়’-এর ভয়, মানুষের অগোচরে বিশ্ব চরাচরে বড় কোনো পরিবর্তন হওয়ার ভয়, অপরদিকে শতাব্দীর সবচেয়ে আকর্ষণীয় তারিখ উদযাপন, সবকিছু মিলিয়ে বেশ একটা জগাখিচুড়ি পরিবেশ তৈরি হয়েছে বিশ্বজুড়ে।
নিউমারোলজি বা সংখ্যাতত্ত্বের দিক দিয়েও তারিখটি বিশেষ ইঙ্গিত বহন করে। এদিন রাত ১টা ২১ মিনিট ২ সেকেণ্ড হবে চলতি শতাব্দীর একমাত্র প্যালিনড্রোম সংখ্যা (যে সংখ্যা দুইদিক থেকে পড়লে একই হয়, ২০১২-১২-১২ ১:২১:০২= ২০১২১২-১-২১২১০২)।
দিনটি নিয়ে উৎসাহের অভাব নেই জ্যোতিষীদেরও ১২.১২.১২-এর প্রতি দুটি সংখ্যার যোগফল ৩। আর ৩ হল বৃহস্পতির সংখ্যা। এ মিলকে ‘অলৌকিক’ বলে অভিহিত করে জ্যোতিষীরা বলছেন, এটিই হতে পারে চলতি শতাব্দীর সবচেয়ে ভাগ্যবান দিন।
অবশ্য এর উল্টোটি ভাবছেন, এমন মানুষের সংখ্যাই বেশি। তাদের মতে, এদিন পৃথিবীতে এমন কোনো পরিবর্তন ঘটবে, যেটি হয়তো সভ্যতার চাকাকে ঘুরিয়ে দেবে। কল্পনার দৌড়ে অনেকে একে পৃথিবীর শেষ দিন হিসেবেও দেখছেন। মেক্সিকোর কিছু অঞ্চলে, যেসব অঞ্চলে একসময় মায়ান সভ্যতার নিবাস ছিল, মন্দিরে মন্দিরে শুরু হয়ে গেছে শেষ প্রার্থনা। বৃহস্পতি, শনি ও পৃথিবী এদিন একই সরলরেখায় আসবে, পৃথিবীর উত্তর ও দক্ষিণ মেরু বদলে যাবে, এমনই সব বাহারি গুজব ঘুরে বেড়াচ্ছে ইন্টারনেটে।
চলতি বছরের শুরুর দিকে আবিষ্কৃত মায়ান ক্যালেন্ডারে ২০১২ সালের ১২ ডিসেম্বরের পর আর কোনো তারিখ নেই। তখন থেকেই বিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল, ১২.১২.১২-ই তবে পৃথিবীর শেষদিন? বিজ্ঞানীরা অবশ্য আশ্বস্ত করেছেন। তন্ন তন্ন করে খুঁজেও আতঙ্কিত হওয়ার মতো কোনো ইঙ্গিত তারা পাননি। তারপরও এ দিনটিকে ‘মহাপ্রলয়’ বলে অভিহিত করে চলছে তর্কযুদ্ধের ঝড়। অনেকে এটাও বলছেন, আকাঙ্খিত ঘটনা ১২.১২.১২ তে নয়, ঘটবে ২১.১২.১২ তে।
প্রলয়ংকারী কিছুর কথা ভুলে গিয়ে বিশ্বব্যাপী আন্তর্জাতিক ব্যবসা প্রতিষ্ঠানগুলো নানারকম আয়োজন করেছে। বেশ কিছু প্রতিষ্ঠান মাত্র ১২ সেন্ট দিয়ে ওয়েবসাইটের ডোমেইন কেনার সুযোগ ঘোষণা করেছে। নামী-দামী খাবারের দোকানগুলো ১২ ডলারে বিশেষ খাবার প্যাকেজ প্রস্তুত করছে। বিভিন্ন প্রতিষ্ঠান ১২ সংখ্যাটিকে কেন্দ্র করে নিজ নিজ পণ্য নিয়ে বিশেষ আয়োজন করছে। বিভিন্ন ট্যুরিজম প্রতিষ্ঠানও ছেড়েছে আকর্ষণীয় সব অফার।
তারিখটির চারদিন আগে ৮ ডিসেম্বর চালিত এক জরিপে দেখা যায়, শতকরা ৫৪ শতাংশ মানুষ বিশ্বাস করেন যে এদিন মানুষের অগোচরে পৃথিবীর জন্য ভালো কিছু ঘটবে। ৪১ শতাংশ মনে করেন যে খারাপ কিছু ঘটবে। আর ৫ শতাংশ মনে করেন, এ দিনটি অন্যান্য দিনের মতোই যাবে।
এছাড়া এদিন যুক্তরাষ্ট্রে আঘাত হানা হারিকেন স্যান্ডিতে ক্ষতিগ্রস্থদের জন্য অনুষ্ঠিত হতে যাচ্ছে এযাবৎকালের সবচেয়ে বড় কনসার্ট। ‘১২.১২.১২.- দ্য কনসার্ট ফর স্যান্ডি রিলিফ’ নামের এই কনসার্টটি নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে অনুষ্ঠিত হবে। প্রায় চার ঘণ্টাব্যাপী এ কনসার্টে অংশ নিতে যাচ্ছেন এরিক ক্ল্যাপ্টন, বন জোভি, অ্যালিসিয়া কিস, পল ম্যাককার্টনি, ক্রিস মার্টিনের মতো খ্যাতনামা শিল্পী ও ব্যান্ডদল। আশা করা হচ্ছে, ১০০ কোটিরও বেশি মানুষ সরাসরি টেলিভিশনে এ কনসার্ট উপভোগ করবেন। এটি থেকে অর্জিত সব অর্থ স্যান্ডি আক্রান্তদের মাঝে বিলিয়ে দেওয়া হবে।
বিশ্বব্যাপী হাসপাতালগুলোতেও এদিন থাকবে বিশেষ ভিড়। দিনটিতে নবজাতককে পৃথিবীর মুখ দেখানোর জন্য অপেক্ষা করছেন মায়েরা। ভারতের বিভিন্ন শহরে যেখানে প্রতিদিন গড়ে ২০০ শিশু জন্মগ্রহণ করে, সেখানে এদিন তিনশো’রও বেশি শিশুর জন্মানোর তারিখ পড়েছে। ডাক্তাররা জানিয়েছেন, ৭-৮ মাস আগে থেকেই হাসপাতালে বুকিং দিয়ে রেখেছেন মায়েরা।
শুধু আমাদের ক্রিকেট তারকা সাকিব আল হাসানই না; বিশ্বের প্রায় প্রতিটি দেশেই বিয়ের ধুম পড়েছে এ দিনে। যুক্তরাষ্ট্রের একটি গির্জায় এদিন বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য প্রায় সাড়ে ৭ হাজার তরুণ-তরুণী নিবন্ধন করেছেন। মনের মানুষকে প্রেম নিবেদন করার জন্য অপেক্ষা করছেন অন্তত ৬০ কোটি মানুষ।
সব মিলিয়ে বলা যায়, মানুষের অগোচরে মহাশূণ্যে অজানা কোনো পরিবর্তন ঘটে গেলেও ডে অব দ্য সেঞ্চুরিকে উৎসবমুখরভাবেই পার করার প্রস্তুতি নিয়েছে পৃথিবীবাসী।
শেষে আরেকটি মজার খবর। সব কাজের কাজী বলে খ্যাত যে তামিল নায়ক রজনীকান্ত, যাকে নিয়ে কিংবদন্তির ন্যায় অনেক গল্প প্রচলিত, তিনি ১২.১২.১২ তে ৬২ বছর বয়সে পদার্পণ করবেন।
বাংলাদেশ সময়: ০০০১ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১২
সম্পাদনা: সোহেলুর রহমান, নিউজরুম এডিটর