চট্টগ্রাম: কালোবাজারে টিকিট বিক্রির সময় চট্টগ্রাম রেলস্টেশন থেকে এক কালোবাজারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ৯টি টিকিট উদ্ধার করা হয়।
শুক্রবার সন্ধ্যায় স্টেশনের ৫ নম্বর প্লাটফরম থেকে যাত্রীদের কাছে বেশি দামে টিকিট বিক্রির সময় জাহিদ সরওয়ার আকাশ নামে এই কালোবাজারিকে গ্রেপ্তার করা হয়।
চট্টগ্রাম রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বাংলানিউজকে বলেন, “গোপন সূত্রের ভিত্তিতে কালোবাজারে টিকিট বিক্রি হচ্ছে এমন অভিযোগ পেয়ে স্টেশনের ৫ নম্বর প্লাটফরম এলাকায় অভিযান চালিয়ে বেশি দামে যাত্রীর কাছে টিকিট বিক্রির সময় হাতেনাতে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।”
তিনি বলেন, “এসময় তার কাছ থেকে শুক্রবারের (আজ) আন্ত:নগর তূর্ণা নিশিতার ৫টি, মেঘনার ১টি এবং ১৫ আগস্টের সুবর্ণ এক্সপ্রেসের অবিক্রিত ৩টি টিকিট উদ্ধার করা হয়েছে।”
“এ ঘটনায় চট্টগ্রাম রেলওয়ে থানায় মামলা (নম্বর-৬) করা হয়েছে,” বলেন তিনি।
রেলওয়ে আইনানুযায়ী ওই কালোবাজারিকে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন ডিউটি অফিসার এসআই আবুল কালাম আজাদ।
বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, আগস্ট ১০, ২০১২
এমবিএম/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর