ঢাকা: বাংলাদেশে ভোরের সূর্য উঁকি দেওয়ার আগেই অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল শ্রীলঙ্কার মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার ব্রিসব্যানে। একটু বেলা করে ঘুম থেকে উঠলে হয়তো খেলার এক ইনিংসের ফলাফলও পেয়ে যাবেন। যুব বিশ্বকাপের উদ্বোধনী দিনেই কঠিন প্রতিপক্ষকে পেয়েছে বাংলাদেশ।
শ্রীলঙ্কার কথা শুনে আতকে উঠার কোন কারণ নেই। ক্রিকেটে কোন দলই অপ্রতিরোধ্য নয়। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলটি মোটামুটি ভালোও খেলে। সেদিক থেকে দেখলে ইতিবাচক ফলও পাওয়া যেতে পারে বিশ্বকাপের প্রথম ম্যাচে।
জুনে মালয়েশিয়াতে যে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ হয়েছে সেখানে শ্রীলঙ্কার কাছে গ্রুপ পর্বে হেরেছে বাংলাদেশ দল। সবচেয়ে দুঃখজন ঘটনা ঘটেছিলো আফগানিস্তানের কাছে হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া। পরে যুব দলের কোচিং স্টাফে পরিবর্তন আনে বিসিবি। প্রধান কোচ করা হয় সারওয়ার ইমরানকে। তার অধীনে প্রস্তুতিও ভালো হয়েছে। অধিনায়ক করে জাতীয় দল থেকে যুব দলে নিয়ে আসা হয় উইকেটরক্ষক ব্যাটসম্যান আনামুল হক বিজয়কে।
দেশ ছাড়ার আগে যে প্রস্তুতি ম্যাচ খেলেছে তা কাঙ্খিত মানের না হলেও অস্ট্রেলিয়া পৌঁছে চারটি ম্যাচ খেলেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। স্থানীয় কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে ওই ম্যাচগুলো দারুণ কাজে দিয়েছে। বিশ্বকাপ ভেন্যুতে আগে যাওয়ার সুবিধা কাজে লাগাতে পারলে শ্রীলঙ্কার জন্য কঠিন প্রতিপক্ষ হয়ে উঠতে পারে আনামুল হক বিজয়ের দল।
বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, আগস্ট ১০, ২০১২
এসএ