চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার সৈয়দ শাহ রোড থেকে অত্যাধুনিক মডেলের একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলিসহ সাইফুল ইসলাম নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
মঙ্গলবার রাত ১১টা ৪০ মিনিটে র্যাব চট্টগ্রাম জোনের সেকেন্ড ইন কমান্ড স্কোয়াড্রন লিডার নাজমুল হকের নেতৃত্বে র্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে।
নাজমুল হক বাংলানিউজকে বলেন, ‘পিস্তলটি একেবারে অত্যাধুনিক মডেলের বিদেশে তৈরি অস্ত্র। সাইফুল চট্টগ্রামের কোনো সন্ত্রাসী গ্রুপের কাছে বিক্রির জন্য সেটি নিয়ে বাকলিয়ায় অপেক্ষা করছিলেন। আমরা খবর পেয়ে তাকে আটক করেছি।’
সাইফুলের বিরুদ্ধে বাকলিয়া থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হচ্ছে বলে জানিয়েছেন নাজমুল হক।
বাংলাদেশ সময়: ০১৪২ ঘন্টা, আগস্ট ০৮, ২০১২
আরডিজি/সম্পাদনা: বেনু সূত্রধর,নিউজরুম এডিটর