নরসিংদী: খায়রুল কবির খোকনের মুক্তির দাবিতে নরসিংদীতে মানববন্ধন করেছে সদর উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠন।
শনিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পযর্ন্ত নরসিংদী প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে জেলা বিএনপি ও সদর উপজেলা বিএনপিসহ তৃণমূল পর্যায়ের শত শত নেতাকমী অংশ নেন।
সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক নুরুল ইসলামের নেতৃত্ত্বে মানববন্ধনে অংশ নেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সুলতান উদ্দিন মোল্লা, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাস্টার, সাংগঠনিক সম্পাদক দীন মোহাম্মদ দীপু, শহর বিএনপির সভাপতি গোলাম কবির কামাল, সদর উপজেলা বিএনপি’র সভাপতি সমির ভূঁইয়াসহ জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা।
মানবন্ধনে বক্তারা বলেন, সরকার মিথ্যা মামলা দিয়ে বিএনপির কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকনকে কারাগারে বন্ধী করে রেখেছে।
বক্তারা আরও বলেন, বর্তমান বিএনপির আন্দোলনকে ধামাচাপা দিতে সরকার ষড়যন্ত্র করে উদ্যেশমূলকভাবে খোকনকে গ্রেফতার করেছে।
বক্তারা সরকারের প্রতি হুশিয়ারী উচ্চারণ করে বলেন, অবিলম্বে খোকনকে মুক্তি না দিলে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধসহ দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
বাংলাদেশ সময়: ২৩৩১ ঘণ্টা, ০৯ জুন, ২০১২
সম্পাদনা: মাহাবুর আলম সোহাগ, নিউজরুম এডিটর