রামগঞ্জ (লক্ষ্মীপুর): লক্ষ্মীপুরের রামগঞ্জে বাসাচাপায় নজরুল ইসলাম (৪০) নামে এক গ্রামীণ ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন।
রোববার বেলা ১২টার দিকে সোনাইমুড়ি সড়কের হুনার বাড়ি ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।
নজরুল ইসলাম কুমিল্লার দেবিদ্বার উপজেলার ফজলুল হকের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গ্রামীণ ব্যাংক সোনাপুর শাখার দ্বিতীয় কর্মকর্তা নজরুল ইসলাম পৌর কাজীরখীল গ্রাম থেকে কিস্তির টাকা তুলে মোটরসাইকেলযোগে সোনাপুর শাখায় আসছিলেন। পথিমধ্যে বেলা ১২টার দিকে সোনাইমুড়ি সড়কের হুনার বাড়ি ব্রিজের ওপর ঢাকাগামী এশিয়া এক্সক্লুসিভ পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
রামগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কাসেম সরকার বাংলানিউজকে জানান, বাসটি আটক করলেও চালক পালিয়ে গেছে।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, জুলাই ০১, ২০১২
সম্পাদনা: শাফিক নেওয়াজ সোহান ও ওবায়দুল্লাহ সনি, নিউজরুম এডিটর