![]() |
| ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম |
চট্টগ্রাম: সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. রণজিৎ কুমার বিশ্বাস বলেছেন, ‘চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত একটি অনন্য সাধারণ প্রতিষ্ঠান। বরেণ্য ব্যক্তিত্ব ও সমাজসেবীরা এ হাসপাতাল পরিচালনায় জড়িত থাকায় প্রতিষ্ঠানটি লক্ষ্য অর্জনে সামনের দিকে এগিয়ে যাচ্ছে।’
শনিবার মা ও শিশু হাসপাতাল মেডিক্যাল কলেজের লেকচার গ্যালারিতে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রণজিৎ কুমার বিশ্বাস মা ও শিশু হাসপাতালের উন্নয়নে তার ব্যক্তিগত ও মন্ত্রণালয়ের পক্ষ থেকে সম্ভব সব সহযোগিতার আশ্বাস দেন এবং হাসপাতালের সম্প্রসারিত ভবনের ভিত্তি স্থাপন করেন।
হাসপাতালের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট এএসএম ফজলুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা শীলা সেন, হাসপাতালের কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট প্রফেসর এমএ তাহের খান, এসএম মোরশেদ হোসেন, জেনারেল সেক্রেটারি ডা. আঞ্জুমান-আরা ইসলাম, কার্যনির্বাহী কমিটির সদস্য প্রফেসর সৈয়দা নুরজাহান ভূঁইয়া, মেডিক্যাল কলেজের অধ্যক্ষ এএসএম মোস্তাক আহমেদ ও সার্জারি বিভাগের অধ্যাপক ডা. কেএম বোরহান উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন এসএম মোরশেদ হোসেন।
ডা. আঞ্জুমান-আরা ইসলাম হাসপাতালের সার্বিক কার্যক্রম সভায় তুলে ধরে বলেন, ‘হাসপাতালের কার্যনির্বাহী কমিটি ও সব কর্মকর্তা-কর্মচারী অত্যন্ত নিষ্ঠার সঙ্গে এখানে কাজ করছেন। যার ফলে মা ও শিশু হাসপাতাল আজকের এ অবস্থানে আসতে সক্ষম হয়েছে।’
বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, জুন ০২, ২০১২
এআরএম/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর