![]() |
ঢাকা: দাবা ফেডারেশন নির্বাচনে বিপুল জয় পেয়েছেন জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক (ফোরাম) সমর্থিত সম্মিলিত ঐক্য পরিষদ প্যানেল। কার্য নির্বাহী পরিষদের ২৪টি পদেই জয় পেয়েছে সম্মিলিত ঐক্য পরিষদ। পাঁচ গ্র্যান্ডমাস্টার সমর্থিত দাবা রক্ষা পরিষদের বিপক্ষে পূর্ণ প্যানেলে জয়ী হলেও দাবার উন্নয়নে গ্র্যান্ডমাস্টারদের সাথে নিয়েই কাজ করার অঙ্গীকার করেছেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক গাজী সাইফুল তারেক। এ বিষয়ে বাংলানিউজের সঙ্গে তার সাক্ষাৎকারটি তুলে ধরা হলো-
প্রশ্ন: আপনাদের সম্মিলিত ঐক্য পরিষদ প্যানেলের বিপুল জয় ও দাবাড়ুদের ভরাডুবির কারণ কী?
তারেক: নির্বাচনে জয় পরাজয় থাকবে। দাবা কোর্টেও সাধারণত এক পক্ষ হেরে থাকেন। তবে নির্বাচনে দাবাড়ুদের ভরাডুবি নয়, বরং আমাদের প্যানেলের জয় দাবাড়ুদেরই জয়। কারণ প্যানেলে সংগঠক ও পৃষ্ঠপোষকদের পাশাপাশি দাবাড়ুরা আছেন। সবার সম্মিলিত প্রচেষ্টাতে আমাদের এই সাফল্য এসেছে।
প্রশ্ন: দাবা উন্নয়নে আপনাদের লক্ষ্য কী?
তারেক: আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পাওয়ার পর যতদ্রুত সম্ভব দাবাকে উজ্জ্বীবিত করতে কাজ শুরু করবো। দাবা একটা পর্যায়ে এসে থমকে গিয়েছিলো আমরা ওই অবস্থার উত্তোরণে কাজ করবো। এজন্য গ্র্যান্ডমাস্টারদেরও সহযোগিতা প্রয়োজন। তাদের নিয়েই একযোগে কাজ করতে চাই আমরা।
প্রশ্ন: গ্র্যান্ডমাস্টাররাসহ খেলায় সবাইকে ফেরানোর ব্যাপারে আপনি কতটুকু আশাবাদী?
তারেক: গ্র্যান্ডমাস্টারদের সবাইকে ফেডারেশনে ফিরিয়ে আনার ব্যাপারে আমি আশাবাদী। দাবাড়ুরা অন্তত দেশের স্বার্থে আমাকে সহায়তা করবেন এই বিশ্বাস আছে।
প্রশ্ন: প্রথম বছরে কোন দিকটাকে প্রাধান্য দেবে কমিটি?
তারেক: দাবায় যে স্থবিরতা ছিল যতটুকু পারি সেটা কাটিয়ে উঠতে চেষ্টা করবো। বিশেষ করে জেলা পর্যায়ে নিয়মিত খেলা শুরু করতে চাই। খেলাটাকে সুস্থ ধারায় ফিরিয়ে আনার প্রয়াস থাকবে আমাদের।
প্রশ্ন: প্রতিবছর দায়সারাভাবে দাবা অলিম্পিয়াডে দল পাঠানো হয়। আপনারা এবার কী ধরনের প্রস্তুতি নেবেন?
তারেক: আমাদের চেষ্টা থাকবে এবার যথাযথ প্রস্ততি নিয়ে অলিম্পিয়াডে দল পাঠানোর। একা কারো পক্ষে কিছু করা সম্ভব নয়। সম্মিলিত প্রয়াস ও আন্তরিকতা থাকলে অনেকই কিছুই সম্ভব। আমাদের যেটুকু ঘাটতি রয়েছে সেটা পূরণে যথাসাধ্য চেষ্টা থাকবে।
প্রশ্ন: নির্বাচিত কমিটিকে নিয়ে কাজ করার ব্যাপারে আপনি কতটা আস্থাশীল?
তারেক: আমরা একত্রে নির্বাচন করেছি। আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য এক। সবাই দাবার উন্নয়ন চাই। দাবাড়ু-সংগঠক ও পৃষ্ঠপোষকদের নিয়ে গড়া এই প্যানেলের প্রতি আমি আস্থাশীল। আশা করি দাবার উন্নয়নে সবার সহযোগিতা পাব।
বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, জুন ০১, ২০১২
এএইচবি
সম্পাদনা: মনোজ হালদার, নিউজরুম এডিটর