![]() |
লন্ডন: ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম ম্যাচেই হেরেছে লিভারপুল। অলরেডদের ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে ওয়েস্ট ব্রমউইচ। হোঁচট খেয়েছে আর্সেনাল। তাদের সঙ্গে গোলশূন্য ড্র করেছে সান্ডারল্যান্ড।
গত মৌসুমে জ্বলে উঠতে পারেনি লিভারপুল। তাই মৌসুম শেষে কোচ কেনি ডাল্গলিশকে বিদায় বলে দেয় কর্তৃপক্ষ। তবে লিগের শুরুতে নতুন কোচ ব্রেন্ডন রজার্সের শিষ্যরা আলদা কিছু উপহার দিতে পারেনি। যথারীতি হেরেছে প্রতিপক্ষের কাছে।
প্রথমার্ধেই পিছিয়ে পড়ে লিভারপুল। ৪৩ মিনিটে জালে বল জড়ান ওয়েস্ট ব্রমউইচের ফরোয়ার্ড জোলটনা গেরা। এই অর্ধে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা। ৫৮ মিনিটে দশজনের দলে পরিণত হয় লিভারপুল। সরাসরি লালকার্ড দেখে মাঠ ছাড়েন ড্যানিয়েল আগার।
৬৪ মিনিটে পেনাল্টি পায় ব্রমউইচ। স্পট কিক থেকে গোল করেন পিটার ওদেমউইঙ্গি। গোলের তিক্ত স্বাদ গ্রহণের পর পাল্টা জবাব দিতে মরিয়া উঠে লিভারপুল। কিন্তু প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও শত চেষ্টা করে জালের ঠিকানা খুঁজে পায়নি তারা। আর ৭৭ মিনিটে লিভারপুলের পরাজয়ের কঠিনে শেষ পেরেক ঠুকে দেন লুকাকু।
এদিকে মৌসুমের শুরুতে পয়েন্ট ভাগাভাগি করেছে আর্সেনাল। গানার্সরা গোলশূন্য ড্র করেছে সান্ডারল্যান্ডের সঙ্গে। এছাড়া ফুলহাম ৫-০ তে নরউইচ সিটিকে, একই ব্যবধানে সোয়ানসো সিটি কুইন্স পার্ককে এবং ওয়েস্টহাম ইউনাইটেড ১-০ গোলে হারিয়েছে অ্যাস্টন ভিলাকে।
বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১২
সিজি