 |
| ছবি: দেলোয়ার হোসেন বাদল /বাংলানিউজটোয়েন্টিফোর.কম |
ঢাকা: রাজধানীর গুলশানে নিজ বাড়িতে ফজলুল হক (৭২) নামে একজন ব্যবসায়ী ছুরিকাঘাতে খুন হয়েছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আটজনকে আটক করেছে পুলিশ।
রোববার সকালে নিজের ডুপ্লেস বাড়ির শয়নকক্ষে ব্যবসায়ীর লাশ তার স্বজনরা দেখতে পেয়ে গুলশান থানা পুলিশকে খবর দেয়।
গুলশান থানার পরিদর্শক (তদন্ত) নূরে আলম জানান, এদিন বিকেলে আটক হওয়া আটজনের মধ্যে তিনজন গৃহকর্মী, দুইজন গাড়িচালক, তিনজন দারোয়ান রয়েছে। তাদের র্যাব, ডিবি পুলিশ ও উধ্বর্তন কর্তৃপক্ষ পৃথকভাবে জিজ্ঞাসাবাদ করছে।
গুলশান দুই নম্বরের ৫১ নম্বর সড়কের ৮ নম্বর বাড়ির দোতলায় শোবারঘর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপকমিশনার চৌধুরী লুৎফুল কবির বাংলানিউজকে জানান, নিহত ফজলুল হক রঙ তৈরির কাঁচামাল আমদানি করতেন। এছাড়া হক পেইন্টস নামে প্রতিষ্ঠানের মালিক তিনি।
ফজলুল হকের মেয়ে হাসিনা জাকের বলেন, “শনিবার রাত ১০টার দিকে তার বাবা ঘুমাতে গিয়েছিলেন। রোববার সকাল সাড়ে ১০টায় মা দরজা বন্ধ দেখে অটোমেটিক লক খুলে ভেতরে ঢোকেন। এসময় তিনি বাবাকে তার বিছানায় মশারির ভেতর ছুরিকাহত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করে ওঠেন।”
তিনি জানান, ফজলুল হকের বয়স বেড়ে যাওয়ায় একমাত্র ছেলেই ব্যবসা দেখাশুনা করতেন।
এক ছেলে ও চার মেয়ের জনক ফজলুল হক তার ডুপ্লেক্স বাড়ির দোতলায় একা থাকতেন।
পুলিশ ধারণা করছে, রাতে কোনো এক সময় দুর্বৃত্তরা তার দোতলার ঘরে ঢুকে ছুরিকাঘাত করে হত্যা করেছে। তাছাড়া বাড়ির সামনে থাকা একটি গাড়ির ছাদে রক্তের দাগ ও পায়ের ছাপ পাওয়া গেছে বলে জানান উপকমিশনার চৌধুরী লুৎফুল কবির।
নিহত ফজলুল হকের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, জুলাই ২৯, ২০১২
জেএস/সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর