ঢাকা : শিক্ষক লাঞ্ছনার ঘটনায় দোষী ছাত্রদের স্থায়ী বহিষ্কারের দাবিতে কর্মবিরতি পালন করেছেন শিক্ষকরা।
সোমবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ২ ঘণ্টা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাস নেননি শিক্ষকরা।
শিক্ষক সমিতির অভিযোগ, গত ১ মে কয়েকজন উচ্ছৃঙ্খল ছাত্র বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষককে লাঞ্ছিত করে। এ ঘটনায় দোষী ৮ ছাত্রকে সাময়িক বহিষ্কার করা হয়। তবে স্থায়ী বহিষ্কারসহ দৃষ্টান্তমূলক ব্যবস্থা না নেওয়ায় তারা ক্যাম্পাসে অবাধে ঘুরে বেড়াচ্ছে।
এদিকে ২৭ মে রোববার পরিসংখ্যান বিভাগে এমএসসি পরীক্ষায় অনুত্তীর্ণ শিক্ষার্থীদের সঙ্গে আগের ঘটনায় জড়িতরা মিলে বিভাগীয় চেয়ারম্যানসহ শিক্ষকদের লাঞ্ছিত করে বলেও অভিযোগ করেন শিক্ষকরা।
এ ঘটনায় জড়িতদের স্থায়ী বহিষ্কারের দাবি জানালেও বিশ্ববিদ্যালয় প্রশাসন গুরুত্ব দিচ্ছে না। এর প্রতিবাদে সোমবার ২ ঘণ্টা কর্মবিরতি পালন করেন শিক্ষকরা। একই দাবিতে মঙ্গলবার আরো ১ ঘণ্টা বাড়িয়ে সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত কর্মবিরতি পালন করবেন বলেও ঘোষণা দিয়েছে শিক্ষক সমিতি।
এছাড়া মঙ্গলবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত শহীদ মিনারে ১ ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করবেন বলে জানিয়েছেন তারা।
তবে রোববারের ঘটনায় শিক্ষকদের ফলাফল পুনর্মূল্যায়ন ও চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে সোমবার দুপুর ১২টায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে পরিসংখ্যান বিভাগের ২০০৮-০৯ বর্ষের শিক্ষার্থীরা।
একই দাবিতে মঙ্গলবার সকালে প্রতীকী অনশন ও কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।
বাংলাদেশ সময় : ২২২৫ ঘণ্টা, মে ২৮, ২০১২
এমএমএস/সম্পাদনা : আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর;
জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর