 |
ঢাকা: জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি গঠনের লক্ষ্যে ছাত্রদল নেতাদের নিয়ে সোমবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বৈঠকে বসবেন।
গত ১৯ জুলাই থেকে শুরু করে ছাত্রদল নেতাদের সঙ্গে এটি তার চতুর্থ বৈঠক হতে যাচ্ছে।
গুলশান কার্যালয়ে তৃতীয় বৈঠক শুরু হয় রোববার রাত ১০টায়। শেষ হয় পৌনে ১টায়। তৃতীয় বৈঠকে উপস্থিত ছিলেন, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম।
এছাড়া বিএনপির মহাসবিচ মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরি এ্যানী এসময় উপস্থিত ছিলেন।
রোববারের তৃতীয় দফার বৈঠকে ১৭২ জন নেতা অংশ নেন। এরমধ্যে ২৪ জনের মতামত গ্রহণ করেন বেগম খালেদা জিয়া।
বিএনপি সূত্রে জানা গেছে, ২৪ জন ছাত্রদল নেতা সিনিয়র এবং জুনিয়রের সমন্বয়ে নতুন কমিটি গঠনের ব্যাপারে খালেদা জিয়ার কাছে অভিমত ব্যক্ত করেছেন।
সোমবার রাতে চতুর্থ দফা বৈঠকে নতুন কমিটির সিদ্ধান্ত হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে।
আরও জানা গেছে, বৈঠকে খালেদা জিয়া ছাত্রদলের নতুন কমিটির বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে মনে করেছিলেন ছাত্রদল নেতারা।
বাংলাদেশ সময়: ০২১৯ ঘণ্টা, জুলাই ৩০, ২০১২
এমএম/এমআইএস / সম্পাদনা: রোকনুল ইসলাম কাফী, নিউজরুম এডিটর