একমগ প্রেম
এই অঙ্গ খাটো
খানিকটা বাঁকা
যদ্দুর বাকানো যায়
তবু তুমি সোজা
মানে সহজের বোন
যদ্দুর সরল করা যায়।
হাতে হতে মাথা
মুখে মুখ মুখাগ্নির
ধারালো ঠোঁটের টান
সাড়ে তিন দেহ
ক্ষণে ক্ষণে অবরোহ
নাকি আরহের গায় গান।
উরু যেন অঙ্ক
বীজ হতে উঠা
যেন যুক্তিনাশক হরিণ
সীমান্ত না মানা
মানে দেহের ভাষার
দেহটাই শেষ মানবিক।
নদী আর পানি
কত কানাকানি ঢেউ
যেন খালে ডুবা চারদিক
কেমন রোহিঙ্গা
তুমি এক মগ চুমু
দাও আরাকানি বলে
কোন হে পুরুষ
নাফ নদে ভাসে
টেক নাফের বদলে।
শান্তিপুর ডুবুডুবু মদে ভেসে যায়
কে ডুবিল কে ডুবিল
কে ভাসিল জলে
আজলে মরিয়া সই
না বলি তোমায়
শান্তিপুর ডুবুডুবু মদে ভেসে যায়
ডুবিয়া উঠিল প্রেম কানায় কানায়
ডুবিয়া ডুবিয়া ভাসে
আন্ধার মাজারে
হাজারে হাজারে ঘাম
শ্বাসে শ্বাসে ঝরে
কে তুমি চুমার নারী কর হে বিহার
একি অঙ্গ কত কাঁপে জান কি তাহার
কাঁপে অঙ্গ মাপে তল
নিরক্ষর ঘরে
চুমুতে রক্তের দাগ
মাদুলি কি ধরে
মদন মদন ডাকে মদিরার ঘ্রাণে
কামে না কামনা কামিনীর প্রাণে
প্রেম এক কিসিমের ভূমিকম্প
এত কেন যে কাতর
কেন এত নাচিতেছে মন
দেহ যায় দেহেরে বাহিরে
কম্পন আসিয়া ঘিরেতেছে তারে
বারে বারে যেরবারে পা’য়
দিন কত দিন বাদে
তবু, মনে মনে বাধে
নাবালক কালে দুলুনির
সহায় মায়ের কোল
আহা কত আদরের দুলুনি
এ হেন সাবালক আমলে
দুলুনির স্থল ভূমি
হায় তুমি দুলনির কেন্দ্র
কত না কাতর
কতই না অসহায়
যেন পুলসিরাতের সাঁকো
কাঁপিতেছে পায়ে
তুমি ভয়ে ভয়ে
তোমাকে জাপটে ধরো
একা এই ঘাপটির ঘোরে
হৃদয় ছিটকে পড়ে
কত দূরে?
বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, ১৭ আগস্ট, ২০১২
সম্পাদনা: এম জে ফেরদৌস, নিউজরুম এডিটর mjferdous0@gmail.com