 |
ঢাকা: নিজেদের পরমাণু কর্মসূচি নিয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সাথে আলোচনায় বসতে রাজি হয়েছে ইরান।
মঙ্গলবার মালয়েশিয়ায় এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মনুসের মোত্তাকি। মালয়েশিয়ার প্রশাসনিক কেন্দ্র পুত্রজায়ায় অনুষ্ঠিত জোট নিরপেক্ষ আন্দোলনের (নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট-ন্যাম) অন্তর্ভূক্ত রাষ্ট্রসমূহের মন্ত্রী পর্যায়ের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দেন মোত্তাকি।
তিনি বলেন, ‘পরমাণু ইস্যু দ্রুত নিষ্পত্তি করতে আমরা যত তাড়াতাড়ি সম্ভব ইইউভূক্ত ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানির সাথে আলোচনায় বসতে প্রস্তুত।’
এর আগে ন্যামের এক বিবৃতিতে পরমাণু কর্মসূচি বিষয়ে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে (আইএইএ) যথাযথ সহযোগিতা করতে ইরানের প্রতি আহ্বান জানানো হয়।
ইরান কখন এ আলোচনা শুরু করবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মোত্তাকি বলেন, ‘ওয়াশিংটন তার আচরণে পরিবর্তন আনলে ইরান সরাসরি তাদের সাথে আলোচনা শুরু করবে।’
প্রসঙ্গত, পরমাণু অস্ত্র তৈরীর লক্ষ্যেই ইরান তার পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচি চালিয়ে যাচ্ছে- এমন অভিযোগ করে আসছে পশ্চিমা বিশ্ব। অপরদিকে ইরান বরাবরই এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে। তাদের দাবি, শান্তিপূর্ণ উদ্দেশ্যেই ইরানের এ কর্মসূচি।
বিতর্কিত ইস্যুটি সমাধানে ইরান ও পশ্চিমা দেশগুলোর মাঝে বার বার বৈঠক সত্ত্বেও সেগুলো ব্যর্থতায় পর্যবসিত হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, জুন ২৬, ২০১২
সম্পাদনা: শামসুন নাহার, নিউজরুম এডিটর