ঢাকা: পুঁজিবাজারের তালিকাভুক্ত বস্ত্র খাতের প্রতিষ্ঠান আলহাজ টেক্সটাইল কোম্পানির পরিচালনা পর্ষদ কোম্পানির অর্ধবার্ষিকী অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছেন। প্রতিবেদন অনুযায়ী, গত বছর লোকসানে থাকা কোম্পানিটি চলতি বছরের একই সময়ে মুনাফা করেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আলহাজ টেক্সটাইল ২০১২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী অর্ধবার্ষিকীতে (জুলাই থেকে ডিসেম্বর-২০১২) কর পরবর্তী মুনাফা হয়েছে ১ কোটি ৫৮ লাখ ৭০ হাজার টাকা ও শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ দশমিক ৭২ টাকা।
গত বছরের একই সময়ে কোম্পানির কর পরবর্তী নিট লোকসান হয়েছিল ৪৪ লাখ ৭০ হাজার টাকা এবং শেয়ার প্রতি লোকসান (ইপিএস) ০ দশমিক ৪৮ টাকা।
২০১২ সালে সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ঘোষিত ১০ শতাংশ শেয়ার লভ্যাংশ বিবেচনা করে ছয়মাসে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়ায় ১ দশমিক ৫৬ টাকা। গত বছর একই সময়ে কোম্পানির ইপিএস (লোকসান) ছিল ০ দশমিক ৪৪ টাকা।
অন্যদিকে গত ৩ মাসে (অক্টোবর থেকে ডিসেম্বর-২০১২) কোম্পানির কর পরবর্তী নিট মুনাফা হয়েছে ৭৮ লাখ ১০ হাজার টাকা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) ০ দশমিক ৮৫ টাকা।
গত বছরের একই সময়ে কোম্পানির কর পরবর্তী নিট লোকসান হয়েছিল ৮০ লাখ ৭০ হাজার টাকা এবং শেয়ার প্রতি লোকসান (ইপিএস) ছিল ০ দশমিক ৮৭ টাকা।
২০১২ সালে সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ঘোষিত ১০ শতাংশ লভ্যাংশ বিবেচনা করে তিনমাসে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়ায় ০ দশমিক ৭৭ টাকা এবং গত বছর একই সময়ে ইপিএস (লোকসান) ছিল ০ দশমিক ৮০ টাকা।
বাংলাদেশ সময়: ১১৪৬ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৩
এসএনএইচ/সম্পাদনা: জনি সাহা, নিউজরুম এডিটর