চট্টগ্রাম : রাষ্ট্রায়াত্ত জ্বালানী তেল পরিবেশক প্রতিষ্ঠান পদ্মা অয়েলের ডিপো থেকে আনা কয়েক কোটি টাকার ফার্নেস অয়েল অবৈধভাবে জাহাজে বোঝাই করার সময় আটক ৭টি অয়েল ট্যাংকারের মধ্যে চারটি ট্যাংকার মালিকদের জিম্মায় ফিরিয়ে দিয়েছে র্যাব।
চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম আদালতের নির্দেশে ট্যাংকারগুলো মালিকদের কাছে হস্তান্তর করা হয় বলে র্যাব সূত্র জানিয়েছে।
র্যাব-৭এর উপ-অধিনায়ক মেজর রাকিবুল ইসলাম বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার আদালতের নির্দেশে ৪ অয়েল ট্যাংকার মালিকদের জিম্মায় দেয়া হয়।
তিনি বলেন, ঘটনার দিন মোট ৭টি অয়েল ট্যাংকার আটক করা হয়। পরে এসব ট্যাংকার নিয়ে যাওয়ার জন্য প্রকৃত মালিকদের যোগাযোগ করার জন্য বলা হয়।
আদালত ৫টি অয়েল ট্যাংকার মালিকদের জিম্মায় দেয়ার আদেশ দেয়। বৃহস্পতিবার ৪ মালিক তাদের ট্যাংকার জিম্মায় নেন। বাকি একটি নেয়ার জন্য কেউ আসেনি বলে জানান তিনি।
উল্লেখ্য, গত ২০ মে রাষ্ট্রায়াত্ত জ্বালানী তেল পরিবেশক প্রতিষ্ঠান পদ্মা অয়েলের ডিপো থেকে আনা কয়েক কোটি টাকার ফার্নেস অয়েল অবৈধভাবে জাহাজে বোঝাই করার সময় ৯ হাজার লিটার তেলসহ ২৪ জনকে আটক করে র্যাব।
ওই সময় তেল খালাসে আসা আরো সাতটি জাহাজ আটক করা হয়।
নগরের ডবলমুরিং থানার কর্ণফুলী নদীর আনু মাঝির ঘাটে অভিযান চালিয়ে র্যাব সদস্যরা ১১টি তেলের ভাউচারসহ ওই ২৪ জনকে আটক করে।
বাংলাদেশ সময় : ২০৫২ঘণ্টা, জুলাই ১২, ২০১২
এমইউ/ সম্পাদনা : সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর
kumar.sarkerbd@gmail.com