ঢাকা: ‘শিকড় গল্পচিত্র’ প্রযোজিত হাবিবর রহমান হাবিবের পরিচালনায় চলচ্চিত্র ‘রুপগাওয়াল’ মুক্তি পাচ্ছে আগামী ১৩ সেপ্টেম্বর। যদিও শুরুতে বলা হয়েছিল ২৪ মে ছবিটি মুক্তি দেওয়া হবে। কিন্তু শেষ পর্যন্ত মুক্তির তারিখ পেছানো হলো।
নতুন এই তারিখের বিষয়ে পরিচালক হাবিব বাংলানিউজকে বলেন, ‘দেশের বিরাজমান পরিস্থিতি এবং বৃষ্টির কারণে ব্যবসায়িক ক্ষতির আশঙ্কা করে ছবি মুক্তির তারিখটা পিছিয়ে দিলাম। আগামী ১৩ সেপ্টেম্বর মুক্তির সিদ্ধান্ত নিয়েছি। এরইমধ্যে সব নিয়ম কানুন মেনেই ছবির তারিখ চূড়ান্ত করা হয়েছে।’
এই চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করেছেন -মাসুম আজিজ, চম্পা, সিমলা, নিলয়, দেবাশীষ রায়, আনোয়ার শাহী প্রমূখ।
উল্লেখ্য, `ম্যাডাম ফুলি`র পর এবার `নিরুতা` চরিত্রে দীর্ঘদিন পর বড় পর্দায় দেখা যাবে অভিনেত্রী সিমলাকে। `রূপগাওয়াল‘ চলচ্চিত্রে তার চরিত্রের নাম নিরুতা। বাবার সঙ্গে পাহাড়ি এলাকায় বাস করে সহজ সরল মেয়ে নিরুতা।
তার বাবা জাদুবিদ্যায় পারদর্শী। গ্রামের ছেলে নিলয় আসে জাদু শিখতে। এতে নানা শর্ত জুড়ে দেওয়া হয় নিলয়কে। এখানে নিলয়ের বিপরীতে অভিনয় করেছেন সিমলা।
বাংলাদেশ সময়: ১৭১০ ঘন্টা, ২৩ মে, ২০১৩
এমকে/একেএ