 |
চট্টগ্রাম: রাঙ্গুনিয়া থানা পুলিশ দুর্ধর্ষ ডাকাত ইয়াকুব নবী (৪৫) ও রহমত উল্লাহকে (৩৫) গ্রেপ্তার করেছে।
শনিবার রাত ২টায় সরফভাটা ইউনিয়নে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
রাঙ্গুনিয়া থানার ওসি এমএম মুর্শেদ জানান, সরফভাটা ইউনিয়নের পশ্চিম সরফভাটা গ্রামের মৃত লেদু মিয়ার ছেলে ইয়াকুব নবীর বিরুদ্ধে ১৯৯২ সালের একটি ডাকাতি মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে। দীর্ঘদিন সে বিদেশে পালিয়ে ছিল। সম্প্রতি দেশে আসে সে। একই ইউনিয়নের সিকদারপাড়া গ্রামের নুর মোহাম্মদের ছেলে মো. রহমত উল্লাহর বিরুদ্ধেও একটি ডাকাতি মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা আছে। রহমত উল্লাহর নামে রাউজান থানায় ২টি ডাকাতি মামলা রয়েছে।
দুই ডাকাতকে আদালতে সোপর্দ করেছেন বলে জানান ওসি।
অন্যদিকে, সিএনজি অটোরিকশাযোগে পাচারকালে চট্টগ্রাম-কাপ্তাই সড়কে অভিযান চালিয়ে চোলাই মদসহ ৪ ব্যক্তিকে আটক করেছে রাঙ্গুনিয়া থানা পুলিশ।
শনিবার গভীর রাতে কাপ্তাই সড়কের সত্যপীরের মাজার গেট এলাকায় তল্লাশিকেন্দ্র (চেকপোস্ট) বসিয়ে পুলিশ সিএনজিসহ বেশ কয়েকটি প্লাস্টিকের বোতলে ভর্তি পাহাড়ি চোলাই মদসহ পাচারকারী চক্রের সদস্যকে আটক করে।
এরা হলেন, রাঙ্গুনিয়ার পূর্ব চন্দ্রঘোনা হিন্দুপাড়া গ্রামের সুনীল চৌধুরীর ছেলে প্রিয়জিৎ চৌধুরী, বোয়ালখালী উপজেলার মিলন ধরের ছেলে সঞ্জয় ধর, বাঁশখালীর পালেগ্রাম এলাকার তপন ভৌমিকের ছেলে বিকাশ ভৌমিক ও সিএনজিচালক কুমিল্লার মুরাদনগরের কুদ্দুস মিয়া।
রাঙ্গুনিয়া থানার ওসি বাংলানিউজকে জানান, গ্রেপ্তার হওয়া ৪ ব্যক্তি পাহাড়ি চোলাই মদ পাচারকারী দলের সদস্য। তারা দীর্ঘদিন ধরে সিএনজি অটোরিকশাযোগে মদ পাচার করে যাচ্ছে।
বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১২
এআরএম/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর