সিলেট : বিএনপির যুগ্ম মহাসচিব মোঃ শাহজাহান অভিযোগ করে বলেছেন, বিদেশি ষড়যন্ত্রেই সরকার বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে গুম করেছে।
ইলিয়াস আলীর সাংগঠনিক নেতৃত্বে টিপাইমুখ বাঁধের প্রতিবাদে সিলেটে গণআন্দোলন শুরু হওয়ার কারণে তার বিরুদ্ধে বিদেশি ষড়যন্ত্র হয়েছিল।
শনিবার বিকেলে নগরীর কোর্ট পয়েন্টে বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সন্ধান দাবিতে সিলেট জেলা ও মহানগর বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শাহজাহান হুশিয়ারী উচ্চারণ করে বলেন, Ôসরকারকে ইলিয়াস আলীর সন্ধান দিতে হবে। অন্যথায় সিলেটসহ সারাদেশে যে গণবিস্ফোরন হবে তাতে পালানোর পথ খুঁজে পাবে না সরকার।Õ
মহানগর বিএনপির সভাপতি এম এ হকের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- বিএনপির কেন্দ্রীয় নেতা ডা. সাখাওয়াত হোসেন জীবন, সিলেট জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ও সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল গফফার, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম জালালী পংকী প্রমুখ।
বাংলাদেশ সময় : ২১২৭ ঘন্টা, জুন ০২, ২০১২
এনামুল হক/সম্পাদনা: কামাল শাহরিয়ার, নিউজরুম এডিটর, সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর
kumar.sarkerbd@gmail.com