 |
ঢাকা: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ব্যাংকিং খাতের শেয়ারের প্রাধান্য বাড়ছে।
গত কয়েক সপ্তাহ ধরে উভয় পুঁজিবাজারে টানা দরপতনের মধ্যে পার করলেও গত সপ্তাহের অধিকাংশ দিন সূচক বেড়েছে।
এসময়ে উভয় স্টক এক্সচেঞ্জে লেনদেন ও দাম বাড়ায় ব্যাংকিং খাতের প্রাধান্য লক্ষ্য করা গেছে।
গত সপ্তাহে দুদিন হরতাল থাকলেও ব্যাংকিং খাতের অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। ফলে সপ্তাহের অধিকাংশ দিন সূচক বেড়েছে।
ব্যাংকিং খাতের শেয়ারের দাম বাড়ার পেছনে ‘ব্যাংকগুলোর ক্লোজিং’ বিনিয়োগকারীদের প্রত্যাশা বাড়াচ্ছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা ।
বাজার সংশ্লিষ্টরা বলেন, চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে অধিকাংশ ব্যাংকের আয় কমলেও সামনে ব্যাংকগুলোর ক্লোজিং হবে। আশা করা হচ্ছে ক্লোজিংয়ে ব্যাংকগুলোর মুনাফা বাড়বে। তাই বিনিয়োগকারীরা এখন ব্যাংক শেয়ারের দিকে ঝুঁকছে।
এছাড়া অধিকাংশ ব্যাংকের শেয়ারের দাম এখন একেবারে তলানিতে রয়েছে। যেখান থেকে শেয়ারের দাম আর কমার আশঙ্কা নেই বললেই চলে। সুতরাং কম মূল্যে শেয়ার কিনে ধরে রাখার প্রবণতা বাড়ছে।
লেনদেনের সাপ্তাহিক বিশ্লেষণে দেখা গেছে, গত সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসই’র লেনদেনে শীর্ষ ২০ তালিকার মধ্যে ১১টি ব্যাংক জায়গা করে নিয়েছে। একইদিন সিএসইতে জায়গা করে নিয়েছে ৭টি ব্যাংক।
এছাড়া গত সপ্তাহের শেষ ৩ কার্যদিবস উর্ধ্বমুখী বাজারের পেছনে ব্যাংকের প্রাধান্য ছিল বলে মনে করেন বিনিয়োগকারীরা।
‘শাকিল রিজভী সিকিউরিটিজ’র বিনিয়োগকারী আনোয়ার হোসেন বৃহস্পতিবার বাংলানিউজকে বলেন, ‘‘সামনে ব্যাংকগুলোর ক্লোজিং হবে। তাই অন্যসব খাতের চেয়ে এখন ব্যাংক খাতের শেয়ার বেশি কিনছি। আশা করি জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে এ শেয়ারগুলো থেকে ভাল মুনাফা পাব।”
উল্লেখ্য, জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত অর্থবছর হিসাব করে থাকে ব্যাংকগুলো। সে হিসেবে কিছু দিন পর ব্যাংকগুলো তাদের চলতি অর্থবছরের হিসাব শেষ করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে।
আর একে কেন্দ্র করেই ব্যাংক খাতের উপর বিনিয়োগকারীদের নতুন করে প্রত্যাশা সৃষ্টি হওয়ায় এই খাতটিতে বিনিয়োগকারীরা ঝুঁকছে।
সাপ্তাহিক দাম বাড়ার ভিত্তিতে ডিএসইর শীর্ষ ১০ কোম্পানি হলো- প্রাইম ব্যাংক (১৪ দশমিক ৯৫ শতাংশ দাম বাড়ে), সিটি ব্যাংক (১২ দশমিক ৯৭ শতাংশ), যমুনা ব্যাংক (১১ দশমিক ১৭ শতাংশ), উত্তরা ব্যাংক (১১ দশমিক ০৪ শতাংশ), প্রিমিয়ার ব্যাংক (৯ দশমিক ৫৯ শতাংশ), লিবরা ইনফিউশন (৭ দশমিক ৬৯ শতাংশ), ডাচ-বাংলা ব্যাংক (৭ দশমিক ৫০ শতাংশ), ইউসিবিএল (৭ দশমিক ০৫ শতাংশ), ওয়ান ব্যাংক (৬ দশমিক ৩৯ শতাংশ) এবং স্ট্যান্ডার্ড সিরামিকস (৬ দশমিক ৩৮ শতাংশ)।
অন্যদিকে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা ব্যাংকগুলো হচ্ছে- ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ২৪ কোটি ৯৩ লাখ ৯৪ হাজার টাকা, ন্যাশনাল ব্যাংকের ২৩ কোটি ৫০ লাখ ৭৯ হাজার টাকা এবং পূবালী ব্যাংকের ১৮ কোটি ৪ লাখ ১৭ হাজার টাকা।
সিএসই’র দাম বাড়ার শীর্ষ ১০ কোম্পানির মধ্যে জায়গা করে নেওয়া ব্যাংকগুলো হচ্ছে- প্রাইম ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক, সিটি ব্যাংক, উত্তরা ব্যাংক, যমুনা ব্যাংক, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক এবং প্রিমিয়ার ব্যাংক।
বাংলাদেশ সময়: ০৯৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১২
এসএনএইচ/ সম্পাদনা: মীর সানজিদা আলম, নিউজরুম এডিটর, সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর ; জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর